প্রীতি পোদ্দার, কলকাতা: নদীর নীচ দিয়ে দেশের মধ্যে প্রথমবার মেট্রো যাতায়াত হয়েছিল কলকাতাতেই। ১৯২১ সালে যে স্বপ্নের বীজ ব্রিটিশ ইঞ্জিনিয়ার স্যার হার্লে হিউ ডালরিম্পল-হে বুনেছিলেন, সেটি বর্তমানে নিত্যদিনের বাস্তব হয়ে দাঁড়িয়েছে যাত্রীদের কাছে। প্রতিদিন হাজার হাজার যাত্রীকে নিয়ে গঙ্গার নীচ দিয়ে বয়ে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো। আর এবার জল পরিবহণকে আরও আধুনিক এবং উন্নতমানের করে তুলতে গঙ্গাবক্ষে চালু হতে চলেছে ‘ওয়াটার মেট্রো’ (Water Metro)।
কলকাতার বুকে ওয়াটার মেট্রো!
ওয়াটার মেট্রো দেখা যায় কেরালার কোচিতে। অপূর্ব সুন্দর এই অত্যাধুনিক ব্যাটারি-চালিত বৈদ্যুতিক হাইব্রিড বোট একদিকে যেমন পরিবেশবান্ধব ঠিক তেমনই আবার যাত্রীদের জন্য বেশ সুবিধাজনক। তাই সেই পরিকল্পনা বাংলায় বাস্তবায়িত করতে বড় পদক্ষেপ নিতে চলেছে নবান্ন। জানা গিয়েছে, কোচির আদলে এখানেও অত্যাধুনিক ব্যাটারি-চালিত বৈদ্যুতিক হাইব্রিড বোট চালানোর পরিকল্পনা রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল এই নৌযানগুলি হবে পরিবেশবান্ধব এবং দ্রুতগতির, ফলে গঙ্গাবক্ষে যাতায়াত হবে আরও সহজ ও আরামদায়ক। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহেই সব কিছু ঠিকঠাক থাকলে কলকাতা পুরসভায় এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে।
আগামী সপ্তাহেই হবে বৈঠক!
নবান্নের তরফে জানানো হয়েছে, আপাতত ওয়াটার মেট্রো প্রকল্পটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহে কলকাতা পুরসভার বৈঠকে কী ধরনের বোট হবে, পুরো প্রকল্পের খরচ কত হবে, এছাড়াও এই প্রকল্পের রুট ও গাইডলাইন কী হবে-সব কিছুই আলোচনা করা হবে কোচির ওয়াটার মেট্রোর আধিকারিকের কাছে। গুরুত্বপূর্ণ বিষয় হল এই ব্যাপারে অর্থ দপ্তরের অনুমোদন ইতিমধ্যেই মিলেছে। তাই সেক্ষেত্রে বলা যায় এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয়, তাহলে কলকাতার যানজট কমাতে এই জল পরিবহণ বড় ভূমিকা নেবে। শুধু তাই নয়, যাত্রীরা দ্রুত গঙ্গাবঙ্গে যাতায়াত করতে পারবেন।
আরও পড়ুন: যাদবপুরের কলা বিভাগে ফের র্যাগিং! পড়ুয়াকে ‘ভবিষ্যৎ নষ্টের’ হুমকি
প্রসঙ্গত, ওয়াটার মেট্রো পরিকল্পনার পাশাপাশি জলপথের সামগ্রিক উন্নয়নে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে প্রশাসন। প্রায় ৫০টি জেটিকে আধুনিক রূপ দেওয়া হয়েছে। আড়াইশো কোটি টাকা ব্যয়ে নামছে ১৩টি ই-ভেসেল। তা ছাড়া আরও ২২টি ভেসেল তৈরি করা হয়েছে, যেগুলো শীঘ্রই গঙ্গাবঙ্গে নামানো হবে। এছাড়াও বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় সেজে উঠেছে গঙ্গাপারও। বসেছে স্মার্ট কার্ড গেট। এমতাবস্থায় ওয়াটার মেট্রো চালু হলে জলপথে এক নয়া নজির গড়বে বাংলা।












