প্রীতি পোদ্দার, কলকাতা: ফের জল সংকটের মুখে রাজ্যবাসী। আরও একবার পাইপ লাইন সংরক্ষণের কাজের জেরে শনিবার সকালের পর গার্ডেনরিচ জলপ্রকল্প থেকে পানীয় জলের সরবরাহ (Water Supply Service) বন্ধ থাকবে। রবিবার সকাল থেকে ফের স্বাভাবিক হবে সরবরাহ। এর ফলে দক্ষিণ কলকাতার একাংশ, বাইপাস সংলগ্ন দক্ষিণ-পূর্ব কলকাতা এবং সংযুক্ত এলাকার বিস্তীর্ণ অংশে বন্ধ থাকবে সরবরাহ। মাথায় হাত স্থানীয়দের।
বন্ধ থাকবে জল সরবরাহ
পুরসভা সূত্রে খবর, গার্ডেনরিচ পাম্পিং স্টেশনে কাজের জেরে আগামী ৩১ জানুয়ারি, শনিবার দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় বন্ধ থাকবে জল সরবরাহ। এছাড়াও বেশ কয়েকটি জায়গায় পাইপলাইনে ফাটল, ছিদ্রও ধরা পড়েছে। তাই সেই সব জায়গায় জলের অপচয় যাতে না হয় তাই সেগুলিও মেরামত করা হবে। জানা গিয়েছে কালীঘাট, রানিকুঠি, গরফা, চেতলা, গল্ফগ্রিন, লায়েলকা, বেহালা, সিরিটি, দাসপাড়া, বাঁশদ্রোণী, গান্ধী ময়দান, সেনপল্লি, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী, মেটিয়াবুরুজ ও শকুন্তলা পার্ক বুস্টার পাম্পিং স্টেশন ও গার্ডেনরিচ জলপ্রকল্পের আওতাভুক্ত বিভিন্ন ক্যাপসুল বুস্টার পাম্পিং স্টেশন থেকে পানীয় জল সরবরাহ হবে না।
কবে থেকে মিলবে স্বাভাবিক পরিষেবা?
যেহেতু সামনেই আসছে গরম, তাই পুরনাগরিকদের যাতে পানীয় জল পেতে বছরভর কোনও সমস্যা না হয়, তার জন্য নির্দিষ্ট সময় অন্তর গার্ডেনরিচ জলপ্রকল্প ও তার আওতায় থাকা বুস্টার পাম্পিং স্টেশনগুলিতে কাজ করতে হচ্ছে। সূত্রের খবর, আগামী ৩১ জানুয়ারি সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত জল পরিষেবা স্বাভাবিক থাকবে। তারপর আর জল পাওয়া যাবে না। পরেরদিন অর্থাৎ আগামী ১ ফেব্রুয়ারি সকাল থেকে ফের পরিষেবা স্বাভাবিক হবে। অর্থাৎ সপ্তাহান্তে গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, কসবা, বেহালা, ঠাকুরপুকুর, জোকা জল সরবরাহ ব্যাহত হবে। কোথাও সারাদিন তো কোথাও আবার আংশিকভাবে জল সরবরাহ ব্যাহত হবে।
আরও পড়ুন: বদলে যাচ্ছে I League-র নাম, নতুন নামে আপত্তি ফুটবল প্রেমীদের
প্রসঙ্গত, গার্ডেনরিচের এই পাম্পিং স্টেশন থেকে প্রতিদিন প্রায় ১৭ থেকে ১৮ কোটি গ্যালন জল সরবরাহ করা হয় বেহালা, মহেশতলা, গার্ডেনরিচ-সহ দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায়। তার উপর সপ্তাহান্তে এই দুর্ভোগ থাকলে সাধারণ মানুষ যে কিছুটা সমস্যায় পড়বেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এর আগের সপ্তাহেও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে ২১ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল পানীয় জল পরিষেবা। কলকাতা পুর এলাকার কালীঘাট, রানিকুঠি, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন, লায়েলকা, বেহালা, সিরিটি, বাঁশদ্রোণী-সহ একাধিক এলাকার পাম্পিং স্টেশনগুলি বন্ধ ছিল।












