প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের পুরনো বকেয়া মহার্ঘ ভাতা মামলায় (WB 5th Pay Commission) সুপ্রিম কোর্ট বড় রায় ঘোষণা করেছিল। সুপ্রিম কোর্ট, রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল যে, চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই কর্মীদের ২৫% বকেয়া DA মিটিয়ে দিতে হবে ৩১ মার্চের মধ্যে। এবং বাকি ৭৫ শতাংশের জন্য গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি। খুব শীঘ্রই সেটাও মিটিয়ে দেওয়া হবে। আর ১৫ এপ্রিলের মধ্যে আদালতে জমা দিতে হবে কমপ্লায়েন্স রিপোর্ট। সেখানে জানানো হবে আদালতের নির্দেশ কার্যকর হলো কি না। এদিকে সুপ্রিম রায়ের পরে প্রায় দু’সপ্তাহ পার হতে চলল। কিন্তু রাজ্য সরকারের তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি, তাতেই দুশ্চিন্তায় সকলে, এই অবস্থায় বড় আশ্বাস দিলেন আইনজীবী ফিরদৌস শামিম।
কী বলছেন আইনজীবী ফিরদৌস শামিম?
রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামিম সকল সরকারি কর্মীদের আশ্বস্ত করে জানিয়েছেন যে, “রাজ্য সরকারি কর্মচারীরা জানতে চাইছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার বিষয়টি আদৌও কার্যকরী হবে কিনা। হ্যাঁ, আপনি নিশ্চিতভাবেই পাবেন। কারণ আদালতের এই নির্দেশ রয়েছে। আর সেটা একেবারে স্পষ্টভাবে বলা আছে।” সেইসঙ্গে তিনি এও আশ্বস্ত করেছেন যে, “সুপ্রিম কোর্টের নির্দেশ পালন না করলে এই সরকার কোথাও যেতে পারবে না। কারণ শীর্ষ আদালত সময় বেঁধে দিয়েছে। সেটা মেনেই রাজ্য সরকারকে কাজ করতে হবে। অবিলম্বে ২৫ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্যকে।” শামিমের স্পষ্ট কথা রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দিতে বাধ্য হবে নবান্ন।
বকেয়া মেটানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
সরকারি কর্মীদের দ্রুত বকেয়া মেটানো নিয়ে রাজ্য সরকারের উদ্দেশে শীর্ষ আদালতের এই নির্দেশ প্রথম নয়। এর আগেও ২০২৫ এর গত ১৬ মে সুপ্রিম কোর্ট রাজ্যকে চার সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছিল। সেই সময়সীমা ২৭ জুন শেষ হয়েছিল। তখন রাজ্য সরকার অতিরিক্ত ছয় মাসের সময় চেয়ে আদালতে দ্বারস্থ হয়। এরপর গত ৫ ফেব্রুয়ারি আবার বকেয়া মেটানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তবে এবার আর কোনও বাড়তি সময় রাজ্য সরকারকে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছে আদালত। তাই যত শীঘ্র সম্ভব সরকারি কর্মীদের প্রাপ্য ২৫ শতাংশ বকেয়া ডিএ দিতে হবে।
আরও পড়ুন: বিশ্বকাপে প্রতিবার ভারত-পাক একই গ্রুপে কেন? BCCI-কে কাঠগড়ায় তুললেন তৃণমূল সাংসদ
প্রসঙ্গত, কিছুদিন আগে রাজ্য সরকারকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে কনফেডারেশন এবং সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। এই নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন, ‘সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ডিএ মামলায় মুখ্যসচিব ও অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হল। এই অবমাননার নোটিশ মূলত ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর প্রেক্ষিতে পাঠানো হয়েছে। যেহেতু সুপ্রিম কোর্টের রায় বেরোনোর আটদিনের বেশি অতিক্রান্ত হওয়ার পরেও বকেয়া মেটানোর জন্য কোনওরকম কোনও বৈঠক হয়নি তাই সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই পদক্ষেপ।”











