সহেলি মিত্র, কলকাতাঃ বিধানসভা ভোটের মুখে আরও বড় ঘোষণা করল রাজ্য সরকার। আর এই ঘোষণা করা হয়েছে ডিএ (DA) সংক্রান্ত। এবার কিস্তিতে নয়, একসঙ্গে ৩ বছরের বকেয়া ডিএ বা মহার্ঘ্য ভাতা দেওয়া হবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। কবে-র মধ্যে সব টাকা মেটানো হবে? চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
৩ বছরের বকেয়া DA একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত
নবান্ন সূত্রে খবর, পশ্চিমবঙ্গ সরকার আগে যে দুটি কিস্তির কথা বলেছিল, এখন সেটার পরিবর্তে এক কিস্তিতেই কর্মরত কর্মচারী, পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) প্রদান করবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের একটি আদেশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে,। রাজ্য সরকারকে মহার্ঘ ভাতার বকেয়া পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে। এর পরেই প্রশাসন ঘোষণা করেছিল যে মার্চ মাস থেকে অর্থ প্রদান শুরু হবে। ইতিমধ্যে অনেকের অ্যাকাউন্টে টাকাও ঢুকতে শুরু করেছে বলে খবর।
১৩ই মার্চের আদেশের আংশিক সংশোধন করে রাজ্য সরকার এখন ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের সম্পূর্ণ বকেয়া ৩১শে মার্চের মধ্যে পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। জানা গেছে যে, গ্রুপ ‘এ’, ‘বি’ এবং ‘সি’-এর কর্মচারীরা তাদের জিপিএফ অ্যাকাউন্টে বকেয়া অর্থ পাবেন। অন্যদিকে, গ্রুপ ‘ডি’-এর কর্মচারী ও পেনশনভোগীদের অর্থ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।
ছুটির দিনেও খোলা থাকবে দফতর
এদিকে ডিএ-র হিসেব পত্তরের জন্য সপ্তাহান্ত অর্থাৎ শনিবার এবং রবিবারও ডিএ সংক্রান্ত কাজের জন্য খোলা রাখতে হবে অফিস। এমনটাই জানিয়েছে নবান্ন। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার তার স্বরাষ্ট্র বিষয়ক বিভাগের হিসাব শাখা বা অ্যাকাউন্টস ব্রাঞ্চ সপ্তাহান্তে অর্থাৎ আজ ২৮ এবং আগামীকাল ২৯ মার্চ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের একটি রায়ের পরিপ্রেক্ষিতে মহার্ঘ ভাতার (ডিএ) বকেয়া প্রক্রিয়াকরণে গতি আনার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্মীদের বকেয়া কাজ শেষ করার জন্য উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।












