বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভোটমুখী বাংলায় বাড়তে পারে বাসের ভাড়া (Bus Fare Hike)। হ্যাঁ, শেষবারের মতো 2018 সালের জুন-জুলাই মাসে ভাড়া বেড়েছিল বেসরকারি বাসগুলির। এরপর থেকে দীর্ঘ সময় পার হয়ে গেলেও শহর তথা রাজ্যে বেসরকারি বাসে সওয়ারির ক্ষেত্রে ভাড়ায় কোনও বদল আসেনি। তবে এবার বাসের ভাড়া বাড়তে পারে বলেই শোনা যাচ্ছে। এর সবচেয়ে বড় কারণ, ভোটের মুখে ভাড়া বাড়ানোর দাবিতে রাজ্যের উপর একপ্রকার চাপ দিচ্ছে বাস মালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। সূত্রের খবর, ভোটের আগে চাপের মুখে বাস মালিকদের দাবিতে হয়তো মান্যতা দিতে পারে সরকার, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশও। যদিও এ নিয়ে দ্বিমত রয়েছে।
বাসের ন্যূনতম ভাড়া হবে 12 টাকা?
এর আগে শেষবারের মতো 2018 সালের জুলাই মাস নাগাদ বেসরকারি বাসের ভাড়া বাড়িয়েছিল রাজ্য সরকার। যদিও ভাড়া বাড়ানোর পর ন্যূনতম ভাড়া গিয়ে দাঁড়িয়েছিল মাত্র 7 টাকায়। তবে বেশকিছু ইউনিয়ন নিজেরাই ভাড়া বাড়িয়ে বাসের ন্যূনতম ভাড়া 10 টাকা করেছিল। তবে এবার সার্বিকভাবে শহর কলকাতায় বেসরকারি বাসের ন্যূনতম ভাড়া 12 টাকা করার দাবিতে রাজ্য পরিবহন দপ্তরকে চিঠি লিখেছে বেসরকারি বাস মালিকদের সংগঠনটি।
সূত্রের খবর, ওই সংগঠনের তরফে রাজ্য পরিবহন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সৌমিত্র মোহনকে চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে নিজেদের সমস্যার কথা জানানোর পাশাপাশি বাসের ন্যূনতম ভাড়া 12 টাকা করার দাবি জানিয়েছে বাস মালিকদের সংগঠন। তবে শেষ পর্যন্ত ভোটের আগে সাধারণ মানুষের পকেট কেটে এই দাবি মানা হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
অবশ্যই পড়ুন: হয়েছে পিতৃবিয়োগ, বিশ্বকাপে রিঙ্কু সিংকে আর পাচ্ছে না টিম ইন্ডিয়া?
এদিকে বাসের ন্যূনতম ভাড়া না বাড়ানো হলে 1 এপ্রিল থেকে তাদের হাতে থাকা 25 হাজার বাসের মধ্যে 15 হাজার বাস তুলে নেওয়ার অর্থাৎ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়। এদিকে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই জেলায় জেলায় মোতায়ন করা হচ্ছে আধা সামরিক বাহিনী। ভোটের প্রাক্কালে কাজে নেমে পড়ছে পুলিশও। সেজন্য তুলে নেওয়া হচ্ছে একের পর এক বাস। উল্লেখযোগ্য বিষয়, সেই বাসের কর্মীদের দৈনিক অ্যালায়ন্স কত হবে তাও নির্ধারণ করে উঠতে পারেনি সরকার।












