প্রীতি পোদ্দার, কলকাতা: ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। যে করেই হোক বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। সঙ্গে দিতে হবে এরিয়ার। তাই সেক্ষেত্রে ভোটের আবহে রাজ্য সরকারকে যে ব্যাপক চাপ বহন করতে হচ্ছে তা বেশ বোঝা যাচ্ছে। এই অবস্থায় প্রকাসেভেল এক বিস্ফোরক এবং চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, DA সহ একাধিক মামলার ক্ষেত্রে রাজ্য সরকার তাদের আইনজীবীদের পিছনে খরচ (Government Spent More Than 87 Crore on Lawyers) করেছে ৮৭ কোটি টাকারও বেশি।
আইনজীবীদের পিছনে কোটি কোটি টাকা ব্যয় সরকারের
রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের পোষ্ট সূত্রে জানা গিয়েছে গত বছর ২৮ সেপ্টেম্বর তথ্যের অধিকার আন্দোলনের কর্মী মাননীয় অমিতাভ চৌধুরী এক RTI করেছিলেন। যেখানে জানতে চেয়েছিলেন DA সহ বাকি মামলার জন্য আইনজীবীদের পিছনে কত খরচ করেছে রাজ্য সরকার? সেই তথ্যই এবার প্রকাশ্যে এল, আর তা দেখে চক্ষু চড়কগাছ সকলের। জানা গিয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে সুপ্রিম কোর্টের দুই আইনজীবি মাননীয় কপিল সিব্বাল এবং মাননীয় অভিষেক মনু সিঙ্ঘভিকে রাজ্য সরকার যথাক্রমে ৩ কোটি ১৬ লক্ষ এবং ৪ কোটি ৬২ লক্ষ ৫০ হাজার রাজ্য কোষাগার থেকে ব্যয় করেছেন। সব মিলিয়ে বিগত ৬ বছরে মোট ৫১ জন আইনজীবিদের জন্য ব্যয় হয়েছে মোট ৮৭ কোটি ৭৭ লক্ষ ১৭ হাজার ৪৪৯ টাকা। এমতাবস্থায় প্রশ্ন উঠছে যেখানে রাজ্য সরকার আইনজীবীদের পিছনে এত এত টাকা খরচ করছে সেখানে সরকারী কর্মীদের প্রাপ্য মহার্ঘ ভাতা দিতে এত ভাবতে হচ্ছে কেন।
DA মামলায় বড় ধাক্কা রাজ্য সরকারের
ডিএ মামলায় কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট এক চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছিল। যেখানে স্পষ্ট ভাবে রাজ্য সরকারকে জানানো হয়েছে যে, ২০০৯ সালের আগস্ট থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ ছিল, তার ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে ৩১ মার্চের মধ্যে। এবং বাকি ৭৫ শতাংশ মিটিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য নতুন কমিটি গঠনের কথা বলেছে শীর্ষ আদালত। সেক্ষেত্রে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে চার সদস্যের কমিটি তৈরি হবে। বকেয়া কী ভাবে, কতগুলি কিস্তিতে দিতে হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ওই কমিটি। কিন্তু এখনও পর্যন্ত প্রাপ্য বকেয়া মেটানো নিয়ে কোনো মন্তব্য করেনি সরকার।
আরও পড়ুন: ‘এ এক অদ্ভুত শূন্যতা..’ মুকুল রায়ের প্রয়াণে ভেঙে পড়লেন পুত্র শুভ্রাংশু
প্রসঙ্গত DA মেটানো নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামিম সকল কর্মীদের আশ্বস্ত করেছেন। তিনি জানিয়েছেন যে, “সুপ্রিম কোর্টের নির্দেশ পালন না করলে এই সরকার কোথাও যেতে পারবে না। কারণ শীর্ষ আদালত সময় বেঁধে দিয়েছে। সেটা মেনেই রাজ্য সরকারকে কাজ করতে হবে। অবিলম্বে ২৫ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্যকে।” যদিও সরকারি কর্মীদের দ্রুত বকেয়া মেটানো নিয়ে আগেও ২০২৫ এর ১৬ মে সুপ্রিম কোর্ট রাজ্যকে চার সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছিল। সেই সময়সীমা ২৭ জুন শেষ হয়েছিল। তখন রাজ্য সরকার অতিরিক্ত ছয় মাসের সময় চেয়ে আদালতে দ্বারস্থ হয়। এরপর গত ৫ ফেব্রুয়ারি আবার বকেয়া মেটানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তবে এবার আর কোনও বাড়তি সময় দেওয়া হবে না বলে জানিয়েছে আদালত।












