সামান্য খরচে পৌঁছে যান মহারাষ্ট্র, বাংলায় আরও এক অমৃত ভারত এক্সপ্রেস দিল রেল

Published:

Updated:

West Bengal - Maharashtra Amrit Bharat Express-
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন বছর পড়তে না পড়তেই বঙ্গবাসীকে একের পর এক উপহার দিচ্ছে ভারতীয় রেল। সম্প্রতি দেশের প্রথম বন্দে ভারত স্লিপার পেয়েছে বাংলা। যা ছুটছে হাওড়া থেকে কামাখ্যা রুটে। তাছাড়াও নতুন বছরের শুরুতেই তিন তিনটি অমৃত ভারত (Amrit Bharat Express) চালু হয়েছে বঙ্গে। এবার চালু হল আরও এক অমৃত ভারত এক্সপ্রেস। রাজ্যের যাত্রীরা যাতে সহজে এবং অল্প খরচে মহারাষ্ট্রে পৌঁছতে পারেন সে জন্যই আলিপুরদুয়ার-পানভেল রুটে চালু হলো নতুন অমৃত ভারত এক্সপ্রেস।

আলিপুরদুয়ার থেকে পানভেল যেতে নতুন অমৃত ভারত এক্সপ্রেসে কত সময় লাগবে?

রেল সূত্রে খবর, পানভেল-আলিপুরদুয়ার 11031 এবং 11032 আপ এবং ডাউন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি আলিপুরদুয়ার থেকে পানভেল যেতে সময় নেবে 50 ঘন্টার কাছাকাছি। একই সময় নিয়ে আবার পানভেল থেকে আলিপুরদুয়ারে পৌঁছবে এই ট্রেন। উত্তরবঙ্গে চালু হতে যাওয়া এই নতুন অমৃত ভারত এক্সপ্রেসটি আলিপুরদুয়ার থেকে পানভেল পর্যন্ত নিজের যাত্রাপথে 2,377 কিলোমিটার পথ অতিক্রম করবে। সূত্রের খবর, এই ট্রেন আলিপুরদুয়ার থেকে দানাপুর হয়ে পানভেলে পৌঁছবে।

কবে কবে চলবে এই ট্রেন?

পানভেল থেকে আলিপুরদুয়ার আবার আলিপুরদুয়ার থেকে পানভেল আপ এবং ডাউন অমৃত ভারত এক্সপ্রেস দুদিকেই সপ্তাহে একদিন চলবে। রেল সূত্রের খবর, 11032 আলিপুরদুয়ার-পানভেল অমৃত ভারত এক্সপ্রেস বৃহস্পতিবার ভোর পৌনে পাঁচটায় ছেড়ে শনিবার ভোর সাড়ে পাঁচটায় পানভেলে পৌঁছবে। একইভাবে ট্রেন নম্বর 11031 পানভেল থেকে আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস সোমবার পানভেল থেকে সকাল 11টা 50 এ ছেড়ে আলিপুরদুয়ার ঢুকবে বুধবার দুপুর 1টা 50 মিনিট নাগাদ।

জানা গিয়েছে, পশ্চিম ভারতের সাথে পূর্ব ভারতকে সংযোগকারী এই অমৃত ভারত এক্সপ্রেসটি নিজের যাত্রাপথে 35টি স্টেশনে থামবে। বলে রাখা ভাল, এই ট্রেন যে স্টেশনগুলিতে স্টপেজ দেবে তার মধ্যে উল্লেখযোগ্য হল, কল্যাণ, নাসিক রোড, জলগাঁও, ভুসাভাল, ইটারসি, জবলপুর এমনকি প্রয়াগরাজ স্টেশন হয়ে যাবে এ ট্রেন। না বললেই নয়, এই ট্রেন থামবে নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি এমনকি কাটিহার স্টেশনেও। সে ক্ষেত্রে শিলিগুড়ি বা নিউজলপাইগুড়ির বাসিন্দারাও এই ট্রেনে করে মহারাষ্ট্রে পৌঁছতে পারবেন।

অবশ্যই পড়ুন: আসিম মুনিরের খেলা শেষ? ইমরান খানকে বিরাট প্রস্তাব পাক সরকারের!

ভাড়া কত হবে?

রেলের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, পানভেল থেকে আলিপুরদুয়ারগামী অমৃত ভারত এক্সপ্রেসটি তে থাকছে মোট 22টি অত্যাধুনিক কোচ। যার মধ্যে সংরক্ষিত বিভাগের যাত্রীদের জন্য 8টি স্লিপার কোচ থাকবে। এছাড়াও জেনারেল কোচ থাকবে 11টি। পাশাপাশি একটি প্যান্ট্রি কার এবং দুটি কোচে লাগেজ ও গার্ড ব্রেক ব্যান থাকবে। এই ট্রেনে কোনও এসি কোচের ব্যবস্থা নেই। এবার আসা যাক ভাড়ার প্রসঙ্গে। এই ট্রেনটি যেহেতু মধ্যবিত্তের পকেটের কথা চিন্তা করে চালু করা হচ্ছে। তাই এই ট্রেনে পানভেল থেকে আলিপুরদুয়ার পর্যন্ত স্লিপার ক্লাসের ভাড়া থাকছে 1,035 টাকা।