সৌভিক মুখার্জী, কলকাতা: শিক্ষিত বেকারদের অর্থাভাব দূর করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু করা হয়েছে যুবসাথী (Banglar Yuva Sathi)। ইতিমধ্যেই এই প্রকল্পে অফলাইন থেকে শুরু করে অনলাইনে আবেদন গ্রহণ শেষ হয়েছে। হ্যাঁ, ২৬ ফেব্রুয়ারি পর্যন্তই ডেডলাইন ছিল আবেদনের। তবে অনেকেই নিজেদের আবেদনের স্ট্যাটাস চেক করতে পারছে না। অনলাইনে চেক করতে গেলে পড়তে হচ্ছে সমস্যায়। ইতিমধ্যেই এই প্রকল্পে ৮৪ লক্ষ আবেদন জমা পড়েছে। তবে এবার আবেদনকারীদের বিরাট স্বস্তি দিল নবান্ন।
যুবসাথীর স্ট্যাটাস চেক
নবান্নের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এবার অনলাইনেই আবেদনের বর্তমান অবস্থা দেখা যাবে। অর্থাৎ বাড়িতে বসেই আপডেট মিলবে। এর জন্য যুবসাথীর অফিসিয়াল পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লিংকে ক্লিক করতে হবে। তারপর নিজের রেজিস্ট্রেশন নম্বর বা মোবাইল নম্বর দিলেই দেখা যাবে আবেদনের পরিস্থিতি। আবেদন গ্রহণ, যাচাই বা অন্যান্য পর্যায়ের তথ্য এবার থেকে অনলাইনেই মিলবে বলে জানানো হয়েছে। আর প্রশাসনের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যেই এই পরিষেবা চালু হবে।
এদিকে আবেদন যাচাই, ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ পাঠানো আর জেলা প্রশাসনের সঙ্গে একসঙ্গে সমন্বয়ে রেখে কাজ করার রূপরেখা তৈরি করা হয়েছে নবান্নের তরফ থেকে। অর্থদফতর সম্প্রতি একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রক্রিয়া চূড়ান্ত করেছে বলেও বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর। পশ্চিমবঙ্গ সরকারের মূল লক্ষ্য একটাই, নির্দিষ্ট সময়ের মধ্যেই উপভোক্তদের হাতে যাতে আর্থিক সহায়তা পৌঁছে যায় তার ব্যবস্থা করা।
আরও পড়ুন: একে অপরকে ‘মোস্ট ফেওয়ার্ড নেশন’ মর্যাদা দেওয়ার পথে ভারত-ইউরোপীয় ইউনিয়ন
রাজ্য সরকারের স্বস্তিদায়ক প্রকল্প যুবসাথী
বলার বিষয়, এবারের বাজেটে ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাস করা বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এই যুবসাথী প্রকল্পের ঘোষণা করেন। আগামী ১৫ আগস্ট থেকে এই প্রকল্পের ভাতা দেওয়ার কথা ঘোষণা থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় পরে জানান যে, ১ এপ্রিল থেকেই মিলবে ভাতা। আর সেই মতোই ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্বনির্ভর বাংলা ক্যাম্প বা অনলাইনের মাধ্যমে এই প্রকল্পের আবেদন গ্রহণ করা হয়েছে। এই কদিনে ৮৪ লক্ষ আবেদন জমা পড়েছে বলে রিপোর্ট জানাচ্ছে। আর এপ্রিল থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে ভাতা।












