বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের নতুন প্রকল্প যুবসাথী নিয়ে একপ্রকার দোটানায় পড়ে গিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা ব্যক্তিরা (Yuva Sathi Scheme)। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, যাঁরা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় আর্থিক সাহায্য পান তাঁরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। তবে সম্প্রতি রাজ্য সরকারের যুব এবং ক্রীড়া দপ্তরের তরফে একটি নোটিস জারি করে জানানো হয়, কৃষক বন্ধু পেলেও মিলবে যুবসাথীর অর্থ। সেই খবর প্রকাশ্যে আসতেই বিশেষ প্রকল্পে আবেদনের হিড়িক পড়েছিল তরুণ কৃষকদের। তবে এবার শোনা যাচ্ছে, কৃষক বন্ধু পেলে যুবসাথীতে আবেদন করা যাবে না! ইতিমধ্যেই পূর্বের বিজ্ঞপ্তি পোর্টাল থেকে মুছে ফেলেছে সরকার!
নোটিস সরিয়ে দিল যুব দপ্তর
দু একদিন আগেই রাজ্যের যুব দপ্তরের তরফে জানানো হয়েছিল, কৃষক বন্ধুর টাকা পেলেও যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে। এ নিয়ে সরাসরি যুব এবং ক্রীড়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল বিজ্ঞপ্তি। তবে 19 তারিখের পর থেকে আর সেই নোটিস দেখা যাচ্ছে না সরকারি ওয়েবসাইটটিতে। আর তারপরেই একেবারে চিন্তায় পড়ে গিয়েছেন একাংশের অবদানকারী। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো কয়েকটি ভিডিও মারফত খবর, পুরনো বিজ্ঞপ্তি ডিলিট করে দেওয়ার অর্থ, কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা ব্যক্তিরা যুবসাথী প্রকল্পের যোগ্য নন।
যদিও এ নিয়ে সরকারের তরফে আলাদাভাবে কোনও বিজ্ঞপ্তি প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত জারি করা হয়নি। পশ্চিমবঙ্গ সরকারের তরফে এও পরিষ্কার ভাবে বলা হয়নি, কৃষক বন্ধুর টাকা পেলে যুবসাথীতে আবেদন করা যাবে না। সবমিলিয়ে, আবেদনকারীদের কাছে গোটা বিষয়টা একেবারে ঘেঁটে ঘ অবস্থা। কাজেই নতুন বিজ্ঞপ্তি বা নোটিসে কী আসে সেদিকেই চোখ রয়েছে সকলের।
অবশ্যই পড়ুন: KKR এ মুস্তাফিজুর রহমানের জায়গায় কে? তালিকায় ৪ তারকা বোলার
কৃষক বন্ধু পেলে সত্যিই কি মিলবে না যুবসাথী?
যুব দপ্তর সূত্রে আগে যা জানা গিয়েছিল, কৃষক বন্ধুর টাকা পেলেও যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে। বর্তমানে সেই নির্দেশ ধরে রেখেই চলছেন বিভিন্ন স্বনির্ভর বাংলা ক্যাম্পের আধিকারিকরা। ইতিমধ্যেই ক্যামেরার মুখোমুখি হয়ে সরকারি দপ্তরের অনেকেই দাবি করেছেন, তাঁদের কাছে যা নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী কৃষক বন্ধু পেলেও যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে। ফলে, যাই হয়ে যাক 26 ফেব্রুয়ারির মধ্যে এই বিশেষ প্রকল্পে আবেদন করতে বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা ব্যক্তিদের।












