ইদে ৩ দিনের ছুটির দাবি অধীরের, মমতাকে পাঠালেন চিঠি

Published:

Adhir Ranjan Chowdhury
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: রমজান ও ইদ-উল -ফিতর উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের কাছে এবার ৩ দিনের সরকারি ছুটি ঘোষণার দাবি জানালেন অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। চলতি মাস থেকেই শুরু হয়ে যাবে রমজানের উপবাস। একমাস উপবাসের পরে আগামী ২০ এবং ২১ মার্চ পালন করা হবে ইদ-উল-ফিতর। তাই খুশির মেজাজ চারিদিকে। আর এই অবস্থায় ইদের ছুটি বাড়িয়ে তিন দিন করার দাবি তুললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। লিখলেন চিঠি।

রমজান মাস নিয়ে বিশেষ আবেদন অধীরের

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, রমজান ও ইদ মুসলিম সম্প্রদায়ের কাছে গভীর ধর্মীয় ও সামাজিক গুরুত্ব বহন করে। তাই সেই পরিপ্রেক্ষিতে ইদের দিন একদিন ছুটি না দিয়ে সেটা তিনদিন করার প্রস্তাব দিয়েছেন। এছাড়াও রমজান মাসে বিশেষ রেশন বরাদ্দ, বাজারদর নিয়ন্ত্রণে বিশেষ টাস্ক ফোর্স গঠন, ইফতার ও সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা রাখারও প্রস্তাব দিয়েছেন। ইতিমধ্যেই তিনি এই বিষয়ে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানে ঈদের আগে অতিরিক্ত ট্রেন ও বাস পরিষেবা চালু করারও প্রস্তাব দিয়েছেন।

কী বললেন কংগ্রেস নেতা?

সংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার কথা স্বীকার করেন অধীর চৌধুরী। তিনি বলেন, “ইদের দিন এতদিন একদিন ছুটি দেওয়া হয়। আমি সেটাই তিনদিন করতে বলছি। যেমন দুর্গাপুজোতে কয়েকদিন ধরে উৎসব পালিত হয়, তেমনই ইদেও কয়েকদিন ধরে উৎসব পালিত হয়। তাই সেক্ষেত্রে অন্তত যেন তিন দিন ছুটি দেওয়া হোক। ইদের আগের দিন, ইদের দিন ও ইদের পরের দিন যেন ছুটির ব্যবস্থা করা হয়।” পাশাপাশি ঈদ রোজা পালন করছে এমন কর্মীদের সুবিধার্থে সাময়িকভাবে অফিসের সময়সূচি পরিবর্তন করার প্রস্তাব দিয়েছেন। কিন্তু ভোটের আগেই আচমকা এই দাবি নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন: বাংলা সহ ১০ রাজ্যে ৩৭ আসনে রাজ্যসভা নির্বাচন, নির্ঘণ্ট ঘোষণা কমিশনের

প্রসঙ্গত, কংগ্রেস নেতা অধীর চৌধুরীর এই দাবি নিয়ে যখন বিতর্কিত পরিবেশ তৈরি হয়েছে, সেই সময় তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয় প্রকাশ মজুমদার। তিনি বলছেন, “অধীরবাবু হঠাৎ আজকে এ কথা বলছেন কেন? ইদ কী এ বছরের প্রথম হচ্ছে! নাকি এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য!এগুলো হচ্ছে আসলে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা। সম্পূর্ণভাবে একটা সাম্প্রদায়িক রাজনীতি পশ্চিমবঙ্গে তৈরি করার চেষ্টা করছেন অধীরবাবু। উনি যখন আরও অনেক বেশি ক্ষমতা পেয়েছিলেন তখন এসব কথা মনে হয়নি কেন? যদিও আমাদের সকলের বিশ্বাস এই বিষয়ে নিশ্চয় সঠিক এবং উপযুক্ত সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন।”

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now