সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যজুড়ে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবে এই সময় মাইক ব্যবহার নিষেধাজ্ঞা বলবৎ গোটা রাজ্যে। তবে সেই আবহে মালদহের মোথাবাড়িতে (Mathabari) এক স্কুল চত্বরে লাউডস্পিকার বাজিয়ে অনুষ্ঠান করার অভিযোগ ঘিরে শুরু হল তীব্র বিতর্ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন (Sabina Yeasmin)। তা সত্ত্বেও এরকম অভিযোগ ওঠায় রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।
ঘটনাটি কী?
রিপোর্ট অনুযায়ী, শনিবার মোথাবাড়ির মেহেরপুর এলাকার গঙ্গাপ্রসাদ হাইস্কুলে এই ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, এদিন গোষ্ঠীর মহিলাদের একটি সভা আয়োজন করা হয় ওই স্কুল চত্বরে। সেই কারণেই হাইস্কুল প্রাঙ্গণে মঞ্চ বানিয়ে লাউডস্পিকার বাজানো হয়। বিক্ষোভকারীরা দাবি করে, সেদিন দুটি পিরিয়ডের পরেই স্কুল ছুটি দেওয়া হয়, আর এরপরই শুরু হয় ওই অনুষ্ঠান। পরীক্ষার মরসুমে মাইক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এরকম আয়োজন করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
অনুষ্ঠান শেষ হওয়ার পর স্কুলে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের কয়েকজন কর্মী। পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে প্রশ্ন তোলা হয়, পরীক্ষার সময় ছুটি ঘোষণা করা হল কেন আর কীভাবে আইন উপেক্ষা করে মাইক বাজানো হল? এমনকি বিক্ষোভকারীদের দাবি, উচ্চ মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় স্কুলের পড়াশোনার পরিবেশ নষ্ট করা হয়েছে। তার উপর মঞ্চ থেকে মন্ত্রী নিজেই ভাষণ দিয়েছেন। যদিও এ বিষয়ে এখনও সরাসরি কোনও প্রতিক্রিয়া দেননি সাবিনা ইয়াসমিন।
আরও পড়ুন: বাংলায় বসে দেশে জঙ্গি হামলার ছক! আটক একাধিক বাংলাদেশ ও পাকিস্তানি সন্ত্রাসী
তবে জেলা তৃণমূল নেতৃত্বের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দলের জেলা মুখপাত্র শুভময় বসু বলেন, মন্ত্রী উপস্থিত ছিলেন কিনা তা এখনও নিশ্চিত নন তিনি। দলীয় স্তরে খোঁজ নিয়েই পদক্ষেপ নেওয়া হবে। তার পাশাপাশি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাবি করেন, মন্ত্রীর দফতর থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই কারণে দুটি পিরিয়ডের পর স্কুল ছুটি দেওয়া হয়। কিন্তু মাইক ব্যবহারের বিষয়ে তিনি কোনও রকম মন্তব্য করেননি।












