বিক্রম ব্যানার্জী, কলকাতা: নেই কোনও চালক। যাত্রী নিয়ে ছুটে চলেছে পড ট্যাক্সি (Pod Taxi In Kolkata)। ভারতের ইতিহাসে প্রথম হলেও বিশ্বের একাধিক দেশে ইতিমধ্যেই এই বিশেষ পরিষেবা শুরু হয়ে গিয়েছে। এবার প্রথমবারের মতো এই পড ট্যাক্সি চলবে মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্স থেকে কুর্লা পর্যন্ত। গতকালই এই বিশেষ ট্যাক্সি প্রকল্পের ভিত পুজো করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। প্রশ্ন উঠছে মুম্বাইয়ের পর কবে কলকাতা চালু হবে এই পড ট্যাক্সি?
কবে কলকাতায় চালু হবে পড ট্যাক্সি?
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, BKC মুম্বই অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এখানেই রয়েছে একাধিক মাল্টিন্যাশনাল কোম্পানির অফিস, ব্যাঙ্ক শহর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, হোটেল এমনকি অন্যান্য সংস্থার হেড অফিস। মূলত সেই কারণেই এই জনবহুল এবং ব্যস্ততম এলাকায় পড ট্যাক্সি চালানোর পরিকল্পনা করেছে মহারাষ্ট্রের সরকার।
এই বিশেষ প্রকল্পের অধীনে মুম্বইয়ে 8.85 কিলোমিটার দীর্ঘ রুট তৈরি করা হবে। সেই রুট ধরেই যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবে পড ট্যাক্সি। তাছাড়াও এই রুটে তৈরি হবে 22টি অত্যাধুনিক স্টেশন। যেখান থেকে যাত্রীদের নিয়ে গন্তব্যে ছুটবে এই ট্যাক্সি। জানা যাচ্ছে, একটি স্টেশন থেকে অপর স্টেশনের দূরত্ব থাকবে 200 মিটার। রিপোর্ট অনুযায়ী, বিশেষ প্রকল্পের আওতায় মূল রুটের দৈর্ঘ্য 8.85 কিলোমিটার হলেও প্রাথমিক পর্বে বান্দ্রা থেকে কুর্লা পর্যন্ত 3.36 কিলোমিটার পথ তৈরি করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে বাকি অংশের কাজ চলবে বলেই খবর।
বলাই বাহুল্য, এই পড ট্যাক্সি সম্পূর্ণ চালকবিহীন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত। একটি ট্যাক্সিতে একসাথে সর্বোচ্চ 6 জন যাত্রী যাতায়াত করতে পারেন। একই সাথে এর গতি ঘন্টায় 40 কিলোমিটার। তাহলে বোঝাই যাচ্ছে কত দ্রুত গন্তব্যে পৌঁছে যাবেন যাত্রীরা। শোনা যাচ্ছে, 15 সেকেন্ড অন্তর অন্তর একটি করে পড ট্যাক্সি পাওয়া যাবে মুম্বইয়ে। এই বিশেষ প্রকল্পের সঙ্গে জড়িত এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, প্রাথমিকভাবে মুম্বইয়ে এই প্রকল্প সফল হলে আগামীতে দেশের অন্যান্য প্রান্ত বিশেষ করে কলকাতা, দিল্লি, চেন্নাইয়ের মতো মেট্রো সিটি গুলিতেও চালু হবে পড ট্যাক্সি পরিষেবা।
অবশ্যই পড়ুন: খেল দেখাবে এল নিনো! এবার পশ্চিমবঙ্গ বর্ষা নিয়ে খারাপ খবর
প্রসঙ্গত, মুম্বইয়ের বুকে বিশেষ পড ট্যাক্সি পরিষেবা চালু হবে জেনে উচ্ছ্বসিত সেখানকার বাসিন্দারা। জানা গিয়েছে, 2031 সালের মধ্যে মুম্বইয়ের রাস্তায় নির্দিষ্ট রুটে প্রত্যেকদিন কম করে 1 লাখ 9 হাজারের কাছাকাছি যাত্রীকে নির্দিষ্ট স্থান থেকে তুলে গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজ করবে পড ট্যাক্সি। আপাতত এমন লক্ষ্য নিয়েই এগোচ্ছে মহারাষ্ট্রের সরকার।












