সহেলি মিত্র, কলকাতাঃ EPF পেনশন (Pension) নিয়ে বড় রায় দিল হাইকোর্ট। আপনিও কি EPFO-র একজন সক্রিয় সদস্য? পেনশন গ্রহণ করেন প্রতি মাসে? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। সাধারণত, পিএফ-এর টাকা তোলার জন্য পুরোনো এবং বর্তমান কোম্পানির রেকর্ড সঠিক হতে হয়। সামান্য কোনো নথিতে গরমিল থাকলে আবেদনটি বাতিল হয়ে যায়। পুরোনো কোম্পানির রেকর্ড না থাকলে সেই টাকার আশা ছেড়ে দিতে হয়। কিন্তু বলা হচ্ছে, এমনটা এখন থেকে নাকি আর হবে না।
EPF পেনশন নিয়ে বড় আপডেট
এই প্রসঙ্গে সম্প্রতি বড় রায়দান করেছে বোম্বে হাইকোর্ট। আদালত রায় দিয়েছে যে পুরোনো কোম্পানির রেকর্ডের অজুহাতে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (পিএফ)-ভিত্তিক পেনশন সুবিধা অস্বীকার করা যাবে না। কিরণ রাজারাম যাদব এই বিষয়ে মামলা করেছিলেন কোর্টে। তাঁকে ফেরায়নি বরং রাজারামের পক্ষেই রায়দান করেছেন বিচারপতি। বলা হচ্ছে যে, ভবিষ্যতে উচ্চতর পেনশনের দাবি যাচাই করার প্রক্রিয়ার উপর এর প্রভাব পড়বে।
বিশেষ রায় আদালতের
এই মামলার শুনানির সময় আদালত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরে। Form 6A-এর মতো বিধিবদ্ধ পিএফ রেকর্ড রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ দায়িত্ব নিয়োগকর্তাদের। আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, কর্মচারীদের সেই রেকর্ডগুলির উপর কোনো নিয়ন্ত্রণ নেই এবং তারা সেগুলি রক্ষণাবেক্ষণও করে না। আদালত এই রায় দিয়েছে যে, পুরোনো রেকর্ড পাওয়া যাচ্ছে না এই অজুহাতে কারোর উচ্চতর পেনশনের দাবি প্রত্যাখ্যান করা ঠিক নয়।
আরও পড়ুনঃ বন্দে ভারতের থেকেও দ্রুত গতি! ২২০ কিমি বেগের হাইস্পিড ট্রেন আনছে ভারতীয় রেল
আদালত পরামর্শ দিয়েছে যে পেনশনের ক্ষেত্রে Form 3A, ইপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট, অবদানের রেকর্ড, যৌথ বিকল্পের আবেদনপত্র এবং নিয়োগকর্তার যাচাইকরণের মতো ব্যাপক প্রমাণ বিবেচনা করা উচিত। আদালত মত প্রকাশ করেছে যে সামাজিক সুরক্ষা আইনকে কঠোরভাবে নয়, বরং ইতিবাচকভাবে ব্যাখ্যা করা উচিত।












