বন্ধ হয়ে গেছে রেশন কার্ড? ঘরে বসেই ৫ মিনিটে করুন সক্রিয়, রইল সহজ প্রসেস

Published:

Ration Card

প্রীতি পোদ্দার, কলকাতা: আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ডের মতো রেশন কার্ডও (Ration Card) বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আসলে রেশন কার্ড হল সাধারণ নাগরিকদের খাদ্য নিরাপত্তা প্রদানের এক সরকারি প্রমাণপত্রও বটে। এই কার্ডের মাধ্যমে ভারতের জনসাধারণ বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের পরিবাররা নির্ধারিত মূল্যে চাল, গম, চিনি ইত্যাদি খাদ্য সামগ্রী পেয়ে থাকে। বর্তমানে LPG সংকটের কারণে এর গুরুত্ব আরও বেড়েছে।

রেশন কার্ডের মাধ্যমে দেওয়া হবে কেরোসিন

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মাঝে জ্বালানির সংকট এক বড় আকার ধারণ করেছে, তাই সেক্ষেত্রে এই পরিস্থিতিতে কেরোসিনের চাহিদা বাড়ছে বেশ কয়েক জায়গায়। তাই সেই কথা মাথায় রেখে রেশন দোকান থেকে কেরোসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রাহকের রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট অথবা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। আসলে আর প্রধান কারণ হল ই-কেওয়াইসি না থাকা অথবা দীর্ঘ সময় ধরে রেশন না তুললে কার্ড নিষ্ক্রিয় হয়ে যায়। তবে চিন্তা নেই, এই কার্ড পুনরায় সক্রিয় করা যায়, তার জন্য মানতে হয় শুধু কয়েকটা সহজ পদ্ধতি।

রেশন কার্ড সক্রিয় আছে কিনা জানবেন কীভাবে?

গ্রাহকের রেশন কার্ডটি সক্রিয় বা নিষ্ক্রিয় আছে কিনা তা যাচাই করার জন্য প্রথমেই নিজের মোবাইলে ইন্সটল করে নিতে হবে ‘UMANG’ অ্যাপ। এরপর, নিজস্ব মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে পছন্দসই MPIN সেট করে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর, সার্চ বারে ‘My Ration’ বা ‘PDS’ লিখতে হবে এবং রাজ্য নির্বাচন করে নিতে হবে। এরপর নতুন পেজ খুলে সেখানে গ্রাহকের রেশন কার্ড নম্বর নির্ভুলভাবে টাইপ করলেই ওই গ্রাহকের কার্ডের সম্পূর্ণ তথ্য চলে আসবে। আর সেখান থেকেই জন্য যাবে কার্ডটি সক্রিয় আছে নাকি নিষ্ক্রিয় হয়ে গিয়েছে।

রেশন কার্ড পুনরায় সক্রিয় করার পদ্ধতি

গ্রাহকের রেশন কার্ডটি নিষ্ক্রিয় থাকলে, তাঁকে প্রথমেই ‘E-KYC’ অপশনে যেতে হবে। সেখানে ওই গ্রাহকের নাম নির্বাচন করে নিতে হবে এবং আধার নম্বরটি টাইপ করতে হবে। আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর রেজিস্টার্ড করা সেই নম্বরে একটি OTP ঢুকবে। এরপর ওই OTP প্রবেশ করালেই আপনার E-KYC সফল হবে এবং কার্ডটি পুনরায় সক্রিয় হয়ে যাবে। এরপর আর খাদ্য সামগ্রী এবং কেরোসিন নিতে কোনো অসুবিধা হবে না।

আরও পড়ুন: ডিজেলের পর এবার ভারত থেকে গমও কিনবে বাংলাদেশ!

প্রসঙ্গত, পরিবেশ দূষণের কারণে প্রথমে রেশনে কেরোসিন তেল সরবরাহ কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে কেরোসিন তেলকে রেশন দোকানে ফেরানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীকে চিঠি লেখে ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। সেই চিঠির ভিত্তিতে অবশেষে পুনরায় রেশন দোকানে ফিরে এল কেরোসিন।

google button