সহেলি মিত্র, কলকাতাঃ টিকিট বাতিল (Ticket Cancellation) নিয়ে নতুন নিয়ম জারি করল রেল (Indian Railways)। আর রেলের সিদ্ধান্তে মাথায় রীতিমতো বজ্রাঘাত পড়ার মতো অবস্থা হল সকলের। রেলের (Indian Railways) নতুন নিয়ম অনুযায়ী, টাকা ফেরত এবং জরিমানা এখন সম্পূর্ণভাবে নির্ভর করবে আপনি কত আগে আপনার টিকিট বাতিল করছেন তার উপর। এর উদ্দেশ্য হলো প্রক্রিয়াটিকে সহজ করা এবং সিস্টেমের অপব্যবহার রোধ করা।
টিকিট বাতিলের নিয়ম বদলে দিল রেল
নতুন নিয়ম অনুযায়ী, কোনো যাত্রী ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে, একটি নির্দিষ্ট বাতিলকরণ চার্জ ছাড়া তিনি সর্বোচ্চ প্রায় ৭৫ শতাংশ টাকা ফেরত পাবেন। ৭২ ঘণ্টা থেকে ২৪ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করা হলে ভাড়ার ২৫% কেটে নেওয়া হবে। ২৪ ঘণ্টা থেকে ৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করা হলে ভাড়ার ৫০% পর্যন্ত কেটে নেওয়া হবে। তবে, ট্রেন ছাড়ার ৮ ঘণ্টার কম সময় আগে টিকিট বাতিল করা হলে কোনো টাকা ফেরত দেওয়া হবে না। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
কেন এরকম সিদ্ধান্ত? এই বিষয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর মতে, এই পরিবর্তনের লক্ষ্য টিকিট দালাল চক্রের দমন করা। রেল বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছে যে অনেক দালাল বিপুল সংখ্যক টিকিট বুক করে পরে সেগুলো বাতিল করে রিফান্ডের মাধ্যমে লাভ করত। নতুন নিয়ম এই ধরনের কার্যকলাপ রোধ করবে।
কিছুটা স্বস্তি রেল যাত্রীদের জন্য
অপরদিকে যাত্রীদের বড় স্বস্তি দিয়েছে রেল। নিশ্চয়ই ভাবছেন কী স্বস্তি? রেল কর্তৃপক্ষ বোর্ডিং স্টেশন পরিবর্তনের নিয়মে সংশোধন এনেছে। যাত্রীরা এখন ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে পর্যন্ত তাদের বোর্ডিং পয়েন্ট পরিবর্তন করতে পারবেন। এই সুবিধাটি বিশেষ করে একাধিক রেল স্টেশনযুক্ত বড় শহরে বসবাসকারী যাত্রীদের জন্য সুবিধাজনক হবে। এখনও পর্যন্ত, বোর্ডিং স্টেশন পরিবর্তনের সুবিধা শুধুমাত্র চার্ট তৈরি হওয়া পর্যন্তই উপলব্ধ ছিল। তবে, নতুন নিয়ম চালু হওয়ায় যাত্রীরা শেষ মুহূর্ত পর্যন্ত এই সুবিধা নিতে পারবেন, যা ভ্রমণকে আরও সুবিধাজনক করে তুলবে।












