বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান যুদ্ধের মাঝেই বড় বিপদে পাকিস্তান! দরজায় দরজায় ঘুরে ঋণ সংগ্রহকারী ইসলামাবাদ এখন প্রবল ঋণের বোঝা নিয়ে কার্যত ডুবতে বসেছে (Pakistan Repay Loan To UAE)। দেশটিতে বর্তমানে ঋণের বোঝা এতটাই বেড়েছে যে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা একপ্রকার ভেঙে পড়ার অপেক্ষায়। সবচেয়ে বড় কথা, পাকিস্তানের ঋণের পরিমাণ বর্তমানে মাথাপিছু 3.25 লাখ টাকা। অর্থাৎ পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে সে দেশের প্রত্যেক জনগণের মাথায় এই পরিমাণ ঋণের বোঝার চেপেছে। আর এমন কঠিন সময়ে পাকিস্তানকে ঋণ মেটাতে বলল সংযুক্ত আরব আমিরশাহী।
UAE কে 19 হাজার কোটি টাকা ফিরিয়ে দিচ্ছে পাকিস্তান
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানকে ঋণ পরিশোধ করতে বলেছিল সংযুক্ত আরব আমিরশাহী। আর তারপরই চরম দারিদ্রতা সত্ত্বেও প্রায় 200 কোটি ডলার ভারতীয় মুদ্রায় প্রায় 19 হাজার কোটি টাকা ফেরত দিচ্ছে ইসলামাবাদ। ওই রিপোর্টে স্পষ্ট করে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ক্রমাগত বেড়ে যাওয়ার কারণে ইসলামাবাদকে দ্রুত এই ঋণ পরিশোধ করতে বলেছে সংযুক্ত আরব আমিরশাহী। তৎক্ষণাৎ সেই ঋণ মিটিয়ে দিতে রাজি হয়ে গিয়েছে পাকিস্তানও।
জানা গিয়েছে, চলতি মাস অর্থাৎ এপ্রিলের শেষের দিকেই এই বিপুল ঋণ মিটিয়ে দেবে ইসলামাবাদ। বলাই বাহুল্য, আগে বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষা করার জন্যই পাকিস্তানকে এই ঋণ দিয়েছিল UAE। সেই ঋণ পরিশোধের জন্য নির্দিষ্ট সময়ও বেঁধে দেয় দেশটি। পরবর্তীতে সেই সময়সীমাও বাড়ায় সংযুক্ত আরব আমিরশাহী। কিন্তু আর নয়। এবার সেই অর্থ পরিশোধ করতেই হবে পাকিস্তানকে। যদিও পাকিস্তানের বিদেশ মন্ত্রক দাবি করেছে, দ্বিপাক্ষিক চুক্তির অঙ্গ হিসেবেই এই টাকা ফিরিয়ে দেওয়া হচ্ছে।
অবশ্যই পড়ুন: ভারত বিরোধিতা? BCB প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত শুরু তারেক সরকারের
প্রসঙ্গত, বিশেষ চুক্তির অধীনে সংযুক্ত আরব আমিরশাহীর কাছ থেকে গত কয়েক বছরে বিপুল ঋণ পেয়েছে পাকিস্তান। পরবর্তীতে 6 শতাংশ সুদের হারে সেই ঋণ মিটিয়েও দিচ্ছিল ইসলামাবাদ। এদিকে মাঝে পাকিস্তানের অনুরোধে ঋণ পুনর্নবীকরণও করে আসছিল UAE। তবে বর্তমানে পশ্চিম এশিয়ার সংঘাত যেভাবে বাড়ছে তাতে কোনও রকম ঝুঁকি নিতে চায় না তারা। পাছে পাকিস্তানের আর্থিক অবস্থা আরও দুর্বল হয় তার আগেই নিজেদের পাওনা গন্ডা বুঝে নিচ্ছে আবুধাবি।












