EPF নাকি মিউচুয়াল ফান্ড, কোথায় টাকা রাখলে আপনার লাভ? বলে দিল EPFO

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভবিষ্যতের জন্য সঞ্চয়ের ক্ষেত্রে বহু চাকুরীজীবীর প্রশ্ন থাকে মিউচুয়াল ফান্ড নাকি প্রভিডেন্ট ফান্ড (EPF Vs Mutual Fund) কোনটা বেশি লাভজনক? অনেক সময় এমন প্রশ্নের উত্তর খুজে না পেয়ে PF এ বিনিয়োগ শুরু করেন বিনিয়োগকারীরা। কেউ কেউ আবার প্রভিডেন্ট ফান্ডের বদলে টাকা রাখেন মিউচুয়াল ফান্ডে। তবে এবার বিনিয়োগকারীদের সমস্যার সমাধান বাতলে দিল খোদ কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা বা EPFO। EPF ও মিউচুয়াল ফান্ডের মধ্যে কোথায় বিনিয়োগ সবচেয়ে নিরাপদ তা জানিয়েছে সংস্থাটি।

EPF নাকি মিউচুয়াল ফান্ড কোথায় বিনিয়োগ বেশি লাভজনক?

প্রভিডেন্ট ফান্ড না মিউচুয়াল ফান্ড, কোনটি বেশি লাভজনক এমন প্রশ্নের উত্তরে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO খুব পরিষ্কার ভাবে জানিয়েছে, EPF ও মিউচুয়াল ফান্ডকে কখনই একে অপরের বিকল্প হিসেবে ধরা উচিত নয়। প্রভিডেন্ট ফান্ড বা EPF সব সময় অবসরকালীন পরিকল্পনার ক্ষেত্রে এগিয়ে। অন্যদিকে মিউচুয়াল ফান্ডকে শুধুমাত্র একটি অতিরিক্ত বিনিয়োগের বিকল্প হিসেবেই দেখা উচিত।

EPFO তাদের এক্স হ্যান্ডেলে সচেতনতামূলক বার্তা দিয়েছে। সেখানে লেখা হয়েছে, “যেসব ব্যক্তিরা জ্ঞানী তাঁদের জন্য প্রভিডেন্ট ফান্ড বা EPF-ই যথেষ্ট।” সংস্থাটির তরফে EPF ও মিউচুয়াল ফান্ডের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করে একটি ভিডিওও পোস্ট করা হয়েছে। EPFO মনে করে, প্রভিডেন্ট ফান্ড মূলত একটি বিধিবদ্ধ সামাজিক সুরক্ষা প্রকল্প। যা কর্মচারীর অবসরের পর তাঁর আর্থিক সুরক্ষা নিশ্চিত করে। অন্যদিকে মিউচুয়াল ফান্ড সম্পূর্ণ বিকল্প একটি বিনিয়োগ ক্ষেত্র।

অবশ্যই পড়ুন: সাগরে তৈরি অতি গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৪ জেলায় অশনি সঙ্কেত, আজকের আবহাওয়া

সংস্থাটির তরফে খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীরা অতিরিক্ত অর্থ বিনিয়োগ করে থাকেন, মোটা টাকা লাভের আশায়। এই মিউচুয়াল ফান্ড শেয়ার বাজারের গতিবিধির উপর নির্ভরশীল। অর্থাৎ বাজার পড়লে মিউচুয়াল ফান্ডেও তার প্রভাব পড়বে। একইভাবে বাজার ঊর্ধ্বমুখী হলে মিউচুয়াল ফান্ডে জমানো অর্থ বাড়বে। ঠিক সে কারণেই এই দুই প্রকল্পকে একে অপরের বিকল্প হিসেবে ভাবাটা কখনোই উচিত নয় বলেই মনে করছে EPFO। তবে সার্বিক দিক থেকে দেখতে গেলে, PF একজন ব্যক্তির ভবিষ্যতের জন্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করে। যেখানে মিউচুয়াল ফান্ডে আর্থিক ঝুঁকি রয়েছে।