সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি একজন EPFO সদস্য? প্রভিডেন্ট ফান্ড (Provident Fund)-এর সব টাকা তুলে নিতে চান? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন তাদের অবসর তহবিলের আইটি পরিকাঠামোর একটি ব্যাপক ডিজিটাল সংস্কার, ইপিএফও ৩.০ (EPFO 3.0), চালু করেছে। এটি ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে। এর বাস্তবায়ন লক্ষ লক্ষ কর্মচারীকে উল্লেখযোগ্য সুবিধা করে দেবে। পিএফ-এর দাবি মিনিটের মধ্যেই নিষ্পত্তি করা হবে। পেনশন প্রদান আরও সহজ হবে এবং আরও নির্বিঘ্নে প্রক্রিয়া করা হবে।
সম্প্রতি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে লোকসভায় এই প্রকল্পের অধীনে বাস্তবায়িত অটো-ক্লেম সেটেলমেন্ট, সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম (সিপিপিএস) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কারের অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন। শুধু তাই নয়, কেউ যদি পিএফ-এর সব টাকা তুলতে চান বা অ্যাকাউন্ট অন্য কোম্পানিতে ট্রান্সফার করতে চান তাহলে সেক্ষেত্রে সদস্যকে অবশ্যই নিজের Date of Exit জানাতে হবে। আর এই প্রক্রিয়াও এখন খুব সহজ করে দিয়েছে ইপিএফও।
এই কাজ করা সকলের অবশ্যই জরুরি। Date of Exit আপডেট না করলে আপনি পিএফ-এর টাকা তুলতে পারবেন না। সেইসঙ্গে পেনশনের টাকা তোলার জন্য ফর্ম ১০সি পূরণ করে চাকরি ছাড়ার দিনক্ষণ উল্লেখ করা জরুরি। পুরানো কোম্পানি থেকে নতুন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য EPFO-কে Date of Exit জানানো আবশ্যক। তবে আপনার মাসের পর মাস বছরের পর বছর ধরে জমে থাকা টাকা তুলতে সক্ষম হবেন।
কীভাবে Date of Exit আপডেট করবেন?
১) প্রথমেই গুগলে EPFO লিখে সার্চ করুন এবং মেম্বার ইউনিফাইড পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার UAN নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
২) লগ ইন করার পর, View ট্যাবে যান এবং Service History-তে ক্লিক করুন। যদি আপনার পূর্ববর্তী কোম্পানির নামের পাশে প্রস্থানের তারিখ (Date of Exit)-এ Not Available লেখা থাকে, তাহলে আপনাকে এটি আপডেট করতে হবে।
৩) এবার নতুন কোম্পানিতে (যেখানে আপনি বর্তমানে কাজ করছেন) যোগদানের তারিখটি লিখে রাখুন।
৪) এরপরে, উপরে দেওয়া Manage ট্যাবে ক্লিক করুন এবং নিচের মার্ক এক্সিট অপশনটি নির্বাচন করুন।
৫) এখন Menu থেকে আপনার পুরানো কোম্পানিটি নির্বাচন করুন, যার Date of Exit আপনি আপডেট করতে চান।
একটি ছোট ফর্ম খুলবে। আপনার চাকরি ছাড়ার তারিখ বা প্রস্থানের তারিখ নির্বাচন করুন এবং চাকরি ছাড়ার কারণ হিসেবে Short Service অপশনটি বেছে নিন।
৬) এরপর, চেকবক্সে টিক দিন এবং ‘Request OTP’-তে ক্লিক করুন। আপনার আধার-সংযুক্ত মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে।
৭) OTP এন্ট্রি করানোর পর পরিবর্তনগুলো জমা দিন। আপনার Date of Exit-র তথ্য অবিলম্বে আপডেট হয়ে যাবে।
আরও পড়ুনঃ জলের নিচে ছুটবে বুলেট ট্রেন, দীর্ঘ সুড়ঙ্গ খননের কাজ সম্পন্ন, বড় সফলতা ভারতের
কী কী বড় পরিবর্তন ঘটতে চলেছে?
আগামী কিছু সময়ের মধ্যে সরাসরি UPI-এর মাধ্যমে পিএফ-এর টাকা তোলার সুবিধা এই বছরের মাঝামাঝি নাগাদ চালু হতে পারে। এখন আর আপনাকে সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করতে হবে না। আগে ১ লক্ষ টাকা পর্যন্ত দাবি কোনো দাপ্তরিক যাচাই-বাছাই ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হতো। এখন তা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। এর অর্থ হলো, এখন ৭০%-এরও বেশি দাবি অটোমেটিকভাবে এবং দ্রুত নিষ্পত্তি হচ্ছে।












