ফের ডলারের বিপরীতে মান বদল ভারতীয় মুদ্রার, কত হল টাকার রেট?

Published:

Indian Rupee

সৌভিক মুখার্জী, কলকাতা: গোটা বিশ্বে ফের যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে (Middle East War)। পশ্চিম এশিয়ার যুদ্ধবিরতি আর ইরানের নতুন করে হুঁশিয়ারির জেরে বৃহস্পতিবার সকালে মার্কিন ডলারের (United States Dollar) বিপরীতে ভারতীয় টাকার (Indian Rupee) দাম ৫৪ পয়সা কমে ৯২.৭১ টাকায় দাঁড়াল। বুধবার বাজার বন্ধের সময় এই রেট ছিল ৯২.২৭ টাকা। তাহলে কি ভবিষ্যতে আবারও রেকর্ড স্পর্শ করবে ভারতীয় রুপি?

কেন আবারও কমছে টাকার দাম?

আসলে লেবাননে ইজরায়েলের হামলার জবাবে ইরান আবারও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। যুদ্ধেবিরতি ঘোষণা হলেও তা কার্যকর হয়নি। যার ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে পুনরায়। এদিকে হোয়াইটহাউস অবিলম্বে এই জলপথ মুক্ত করে দেওয়ার দাবি জানালেও পরিস্থিতি এখনো পর্যন্ত থমথমে। আর ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, লেবাননে ইজরায়েলের হামলা না থামলে তারা শান্তি আলোচনা থেকে বেরিয়ে আসবে এবং হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এই ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার কারণেই বিনিয়োগকারীরা লগ্নি করতে ভয় পাচ্ছেন, আর নিরাপদ সম্পদ হিসেবে আবারও ডলারের চাহিদা বাড়ছে।

এদিকে জানিয়ে রাখি, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ড ক্রুড অয়েলের দাম প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৯৬.৫২ ডলারের পৌঁছে গিয়েছে। অন্যদিকে বিশ্বের প্রধান ছয়টি মুদ্রার বিপরীতে ডলারের শক্তি পরিমাপক ডলার ইনডেক্স বেড়ে ৯৯.১০ তে পৌঁছেছে। কিন্তু তেলের দাম বাড়লেও ভারতের মতো আমদানিকারক দেশগুলোকে বেশি পরিমাণে ডলার খরচ করতে হচ্ছে, যা দিনের পর দিন টাকাকে দুর্বল করে দিচ্ছে।

আরও পড়ুন: বুলেট ট্রেন প্রকল্পে নয়া মাইলফলক অর্জন রেলের, করে ফেলল বড় কাজ

রিজার্ভ ব্যাঙ্কের সতর্কতা

উল্লেখ্য, বুধবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার অপরিবর্তিত রাখলেও গভর্নর সঞ্জয় মালহোত্রা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ইরান যুদ্ধ ভারতীয় অর্থনীতির জন্য ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। আর এর প্রভাব পড়ছে ভারতের শেয়ারবাজারেও। বৃহস্পতিবার সকালে সেনসেক্স ২৪৩.৫৭ পয়েন্ট তলানিতে ঠেকে ৭৭৩১৯.৩৩ তে অবস্থান করছে। আর নিফটি ৮৮.৩ পয়েন্ট কমে ২৩,৯০৯.০৫ তে নেমে এসেছে। এমনকি বুধবার বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রায় ২৮১১.৯৭ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন বলে দাবি করছে বেশ কিছু রিপোর্ট। তবে এই সংকটময় পরিস্থিতিতে ভারতীয় রুপি আরও তলানিতে ঠেকবে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়।

google button