প্রীতি পোদ্দার, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বঙ্গের রাজনীতি বেশ সরগরম। ভোটের আবহে জনসংযোগ বৃদ্ধি করতে উঠে পরে লেগেছে শাসকদল থেকে শুরু করে বিরোধীরা। এমতাবস্থায় ময়নার বিজেপি বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দার (Ashok Dinda) একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের রাজনীতি। পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলতেই তাঁর বিরুদ্ধে ১৭৯ বিএনএস ধারায় নোটিশ দিল পুলিশ।
পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অশোক দিন্দা
সম্প্রতি পূর্ব মেদিনীপুরের ময়নায় আয়োজিত একটি জনসভায় বক্তব্য রেখেছিলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। তিনি সেখানে অভিযোগ তুলেছিলেন যে, এলাকা থেকে নাকি পুলিশ নিয়মিত ‘মাসোহারা’ বা তোলা আদায় করছে। ভাইরাল হয় যায় সেই ভিডিও। তিনি বলেন, “এখানে মৎসজীবীদের থেকে যেভাবে টাকা তোলেন, সব রেকর্ড, ভিডিও রয়েছে। সন্ধে হলেই একটু এগিয়ে গিয়ে দুইটি স্কুটি নিয়ে তিনটি পুলিশ দাঁড়িয়ে থাকে। প্রতি গাড়ি থেকে ১০০, ২০০ করে টাকা তোলে। ৫০ শতাংশ থানায় থাকছে। ৫০ শতাংশ এসপির কাছে যাচ্ছে। এসপি ১৫ থেকে ২০ শতাংশ টাকা নিজের কাছে রাখছেন।” শুধু তাই নয়, তাঁর আরও দাবি, সেই সংগৃহীত টাকা পুলিশ সুপার হয়ে পৌঁছে যাচ্ছে সরাসরি ‘কালীঘাটে’। যার দরুন শোরগোল পড়ে যায় জেলা প্রশাসনে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া অবস্থান নেয় জেলা পুলিশ।
হাজিরা দেননি অশোক দিন্দা
সূত্রের খবর, বিজেপি বিধায়কের এই মন্তব্যে তোলা আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৪ ফেব্রুয়ারি ময়না থানার পক্ষ থেকে এই নোটিস ইস্যু করা হয়। সেই নোটিসে স্পষ্ট জানানো হয়েছে, সোমবার, ১৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় তাঁকে ময়না থানায় হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু নির্দেশ মানেনি অশোক। জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ে ময়না থানায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হাজির হননি। তারপরেই তাঁকে নোটিস পাঠানো হয়। তবে নোটিস গ্রহণ করলেও, তিনি হাজিরা দিতে আসেননি। পুলিশ সূত্রে খবর, অশোক ডিন্ডার আইনজীবীর পক্ষ থেকে একটি আবেদন জমা পড়েছে। সেখানে জানানো হয়েছে, বিধায়ক বর্তমানে বিশেষ কাজে ব্যস্ত থাকায় এখনই উপস্থিত হতে পারছেন না, তাই তাঁকে কিছুটা সময় দেওয়া হোক।
আরও পড়ুন: জয় দিয়েই শুরু হল লড়াই, ISL এ ইস্টবেঙ্গলের ম্যাচ আবার কবে?
পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, “সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আমাদের নজরে এসেছে। সেখানে এক সম্মানীয় পদাধিকারী দাবি করছেন, বিশেষ একটি পেশার মানুষের কাছ থেকে পুলিশ মাসোহারা নিচ্ছে। এই অভিযোগের সত্যতা যাচাই করতে এবং জনসমক্ষে প্রকৃত তথ্য তুলে ধরতে ময়নার বিধায়ক অশোক দিন্দাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।” এখন দেখার, পুলিশের বিরুদ্ধে তোলা এই গুরুতর অভিযোগের কোনো প্রমাণ বিধায়ক দিতে পারেন কি না। পুলিশের নোটিশ প্রসঙ্গে বিধায়ক অশোক দিন্দার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ ছিল।












