মমতাকে হারাতে বিজেপির সঙ্গে গোপন চুক্তি হুমায়ুনের? ভিডিও ফাঁস করল তৃণমূল

Published:

Updated:

Humayun Kabir

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) যত এগিয়ে আসছে ততই বঙ্গের রাজনৈতিক পারদ চড়ছে। একদিকে তৃণমূল বিজেপিকে দোষ দিচ্ছে, অন্যদিকে বিজেপিও তৃণমূলকে দোষ দিতে ছাড়ছে না। এমতাবস্থায় প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর ভিডিও। যেখানে দেখা যাচ্ছে মমতাকে হারাতে বিজেপির সঙ্গে হাজার কোটির ‘ডিল’ করছেন হুমায়ুন কবীর (Humayun Kabir Viral Video)। তুমুল শোরগোল শুরু হল রাজনৈতিক ময়দানে। বহুদিন আগে থেকেই তৃণমূল অভিযোগ করে আসছিল যে হুমায়ুন কবীর আসলে বিজেপির হয়ে কাজ করছেন। আর এবার সেই ঘটনার বাস্তবিক রূপ দেখল গোটা রাজ্যবাসী।

বিজেপির হয়ে কাজ করছেন হুমায়ুন

সম্প্রতি সোশাল মিডিয়ায় আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীরের একটি বিস্ফোরক ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে হুমায়ুনকে নিজের মুখেই বলতে শোনা গিয়েছে, “যে কোনও মূল্যে আমি মমতাকে সরাতে চাই। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেন দিল্লি নিয়ে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলাপ করিয়ে দেবেন।” এখানেই শেষ নয়, তাঁকে ওই ভিডিওতে আরো বলতে শোনা যায় যে, “মোহন যাদবজির সঙ্গে আমার নিয়মিত কথা হচ্ছে। এমনকি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গেও কথা হয়েছে।” আর সেই নিয়ে এবার আজ, বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক ডাকল তৃণমূল। তাঁদের দাবি, বিজেপির কাছ থেকে ১০০০ কোটি টাকা চেয়েছেন হুমায়ুন।

ক্ষুব্ধ ফিরহাদ হাকিম

ফিরহাদ হাকিম এই ভাইরাল ভিডিও প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘এই ঘটনা লজ্জার। ভিডিয়োতে দেখা গিয়েছে, ধর্মীয় আবেগ নিয়ে ভোট কেনাবেচা যায়! বিজেপি যখন এসআইআর করেও বাংলাকে আটকাতে পারছে না, তাই এখন পিছনে দাঁড়িয়ে ধর্মীয় আবেগকে সুড়সুড়ি দিচ্ছে। একজন নেতা, যিনি পাল্টিবাজ, তাঁকে ধরে এবং হায়দরাবাদের এক নেতাকে ধরে নোংরা খেলা খেলছে। মুসলিম মানুষের ধর্মাবেগ নিয়ে যে খেলা চলছে, তার তীব্র নিন্দা করি। হাজার কোটি টাকা চাইছে, ৩০০ কোটি টাকা আগাম চাইছে। আমরা যাঁরা মুসলিম সমাজের মানুষ, আমরা কি বুদ্ধিহীন, যে আমাদের ধর্মীয় আবেগ বিক্রি করে দেবে, তার পরেও আমরা চুপ করে থাকব? আমার এই প্রশ্ন মুসলিম সমাজের কাছে রইল। এই মানুষটিকে ধিক্কার জানাব।’’

কটাক্ষ করতে ছাড়লেন না অরূপ বিশ্বাস

ভাইরাল ভিডিও নিয়ে অরূপ বিশ্বাস জানিয়েছেন যে, ‘‘বিজেপি ভোটের আগেই হেরে গিয়েছে। বাংলাকে এত ভাবে বঞ্চনা করে, এসআইআর করে লাভ হল না। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে বাংলা মাকে বাঁচাতে হবে। বাংলায় কথা বললে মেরে ফেলছে। পৃথিবীতে এক জন সৎ মানুষ যদি থেকে থাকেন তাহলে তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা ভেবেছিল বিহার, মহারাষ্ট্রে যে ভাবে জিতেছে, এখানেও পারবে। বাংলার মাটি অত সহজ না। তাই এসআইআর নিয়ে আজও মমতা লড়ছেন। হাজার হাজার কোটি টাকা খরচ করুক বিজেপি, বাংলার মানুষ ওদের মেনে নেবে না।’’

আরও পড়ুন: নেই নিজের বাড়ি, গাড়ি! মমতার ব্যাঙ্ক ব্যালেন্স জানলে অবাক হবেন আপনিও

এর আগেও ভোটের আগে দু’টি স্টিং অপারেশন বঙ্গের রাজনীতিতে হইচই ফেলে দিয়েছিল। যার মধ্যে একটি হল ২০১৬ সালের নারদকাণ্ড এবং ২০২৪ সালে সন্দেশখালি কাণ্ড। আর এবার ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে একটি স্টিং অপারেশন প্রকাশ্যে এল। এবার সেটা হল হুমায়ুন কবীরকে নিয়ে। তুমুল উত্তেজনা তৈরি হয়েছে রাজনীতিতে। তবে এখনও পর্যন্ত বিজেপি এবং হুমায়ুন কবীরের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার এই ভাইরাল ভিডিও রাজনৈতিক সমীকরণের উপর কতটা প্রভাব ফেলে।

google button