উত্তরবঙ্গে আজ মমতার ঝড়, দক্ষিণে অভিষেক, চূড়ান্ত প্রস্তুতিতে নামল তৃণমূল

Published:

Mamata Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) সময় যত এগিয়ে আসছে ততই রাজ্য রাজনীতিতে এক চাপা উত্তেজনা বাড়ছে। কারণ ঠিক আর এক মাস পরেই বাংলায় প্রথম দফার ভোট, তাই জনসংযোগ বৃদ্ধি করতে এবং ভোটের প্রচার জেলায় জেলায় ছড়িয়ে দিতে উঠে পড়ে লেগেছে সকল রাজনৈতিক দল। এমতাবস্থায় বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করছেন তৃণমূলের দুই শীর্ষ নেতা মমতা অভিষেক। আজ, মঙ্গলবার উত্তরবঙ্গে ভোটের প্রচারে যাচ্ছেন মমতা (Mamata Banerjee)। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) প্রচার করবেন দক্ষিণ ২৪ পরগনায়।

উত্তরবঙ্গে ভোটের প্রচারে মমতা

রাজনৈতিক মহলের মতে, প্রথম থেকেই উত্তর ও দক্ষিণবঙ্গকে সমান গুরুত্ব দিয়ে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। প্রতিপক্ষকে বরাবর টেক্কা দেওয়াই এখন মূল লক্ষ্য হয়ে উঠেছে শাসক শিবিরের। তাই আজ মঙ্গলবার ভোট প্রচারে উত্তরবঙ্গে পৌঁছে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি হাসিমারা থেকে হেলিকপ্টারে চালসায় আসবেন। সেখানে একটি চার্চে নাগরাকাটা বিধানসভার দলীয় প্রার্থী সঞ্জয় কুজুরের হয়ে খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে ভোটের প্রচার করবেন। এরপর আগামীকাল, বুধবার থেকে পুরোদমে নির্বাচনী জনসভা শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রচারের ময়দানে নামছেন তৃণমূলের ‘সেনাপতি’

জানা গিয়েছে, আগামীকাল বুধবার বেলা ১১টায় দলীয় প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে ময়নাগুড়ি টাউন ক্লাব ময়দানে বিধানসভা নির্বাচনের প্রথম জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ওইদিনই জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম-ফুলবাড়ি ও দার্জিলিং জেলার মাটিগাড়া-নকশালবাড়ি আসনে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আজ থেকেই প্রচার কাজ শুরু করতে চলেছেন। দক্ষিণ ২৪ পরগনা থেকেই সেই কাজ শুরু করতে চলেছেন। জানা গিয়েছে আজ দুপুরে পাথরপ্রতিমা কলেজ গ্রাউন্ডে দলীয় প্রার্থীর হয়ে প্রচার করবেন অভিষেক।

আরও পড়ুন: ভোটের আগে বড় সার্জারি কমিশনের! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদল, তালিকায় ভবানীপুর

উল্লেখ্য, উত্তরবঙ্গ বরাবর বিজেপির ঘাঁটি বলে পরিচিত। তবে এবার সেখানে প্রার্থী বাছাই নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে চরম অসন্তোষ দেখা দিয়েছে। আর সেটাকেই টার্গেট করেছে শাসক শিবির, তাই উত্তরে একের পর এক সভা করে ঝড় তুলতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, ভোট ঘোষণার পর থেকেই রাজ্যের প্রশাসনিক স্তরে একাধিক বদল ঘটিয়ে চলেছে নির্বাচন কমিশন। আমলা ও পুলিশ আধিকারিকদের পর এবার ট্রান্সফার করা হল রিটার্নিং অফিসারদের। গতকাল এক নির্দেশিকায় একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করল কমিশন।

google button