প্রীতি পোদ্দার, কলকাতা: দোরগোড়ায় এসে গিয়েছে ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026), আর তাই উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। দিন রাত এক করে জনসংযোগ বৃদ্ধির জন্য ময়দানে নেমেছেন প্রার্থীরা। এমতাবস্থায় হুমকি-ছিনতাইয়ের অভিযোগ উঠে এল নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের (Pabitra Kar) বিরুদ্ধে। আর সেই অভিযোগ খারিজ করতে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন তৃণমূল প্রার্থী।
চুরি মারধরের অভিযোগ পবিত্র করের বিরুদ্ধে
সূত্রের খবর, গত ৭ এপ্রিল নন্দীগ্রামের কৃষ্ণনগর এলাকার বাসিন্দা বুদ্ধদেব গিরি নামে এক ব্যক্তি তৃণমূল প্রার্থী পবিত্র করের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তিনি জানান, গত ৬ এপ্রিল পবিত্র কর যখন ভোটের প্রচারে বেরিয়েছিলেন সেই সময় নিজের বাড়ির কাছেই বসেছিলেন বুদ্ধদেব বাবু। তখনই নাকি তাঁকে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য জোর করেন পবিত্র। কিন্তু স্লোগান দিতে অস্বীকার করায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি তাঁর কাছ থেকে ৩৭০০ টাকা ছিনতাইও করা হয়। তার ভিত্তিতেই এবার FIR দায়ের হয়েছে পবিত্র-সহ মোট চার জনের বিরুদ্ধে।
হাইকোর্টে দারস্ত নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী
স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, পবিত্র এবং তাঁর লোকেরা বুদ্ধদেবকে মারধর করেন। পরে বুদ্ধদেবকে রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এদিকে ভোটের আবহে একের পর এক বিতর্ক উঠে আসছে পবিত্র করকে ঘিরে। তাই ইমেজ বজায় রাখতে গতকাল অর্থাৎ শুক্রবার FIR খারিজের আবেদন জানিয়েছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী। পাশাপাশি, রক্ষাকবচ চেয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণও করেন তিনি। এবার সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়।
কমিশনের তরফে করা হয়েছিল FIR
জানা গিয়েছে, আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এখন দেখার পালা এই মামলা কোন দিকে মোড় নেয়। কিছুদিন আগেই নির্বাচন কমিশনারের তরফে FIR দায়ের করা হয়েছিল পবিত্র করের বিরুদ্ধে। আসলে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন যে, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপির টিকিটে পঞ্চায়েতের সদস্য হিসেবে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর। কিন্তু তিনি পঞ্চায়েতের সদস্যপদ ত্যাগ না করে তৃণমূলের টিকিটের বিধানসভায় প্রার্থী হয়েছেন। আর তাই এই FIR। যদিও পবিত্র বাবু জানিয়েছেন, “আমি এই সংক্রান্ত বিষয়ে অবগত নই। তবে আমি যে পদক্ষেপ করব তা আইনমাফিক হবে।’’
আরও পড়ুন: দেওয়ালে দলীয় প্রার্থীর নাম মুছে তৃণমূলকে সমর্থন বিজেপি নেতার! শোরগোল খানাকুলে
প্রসঙ্গত, ভবানীপুরের পর রাজ্যের বিধানসভা নির্বাচনের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে নন্দীগ্রাম। কারণ সেখানে শুভেন্দু অধিকারীর সঙ্গে ময়দানে নামতে চলেছেন সেখানকার ভূমিপুত্র পবিত্র কর। একসময় তিনি শুভেন্দুর সুহৃদ হিসেবে পরিচিত ছিলেন। প্রথমদিকে তৃণমূল করলেও ২০২০ সালে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। হয়েছিলেন বিজেপির ব্লক সভাপতিও। কিন্তু গত ১৭ মার্চ কলকাতার ক্যামাক স্ট্রিটের দফতরে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি ফের তৃণমূলে যোগদান করেন।












