পানিহাটিতে ভোটপ্রচারে বেরিয়ে আক্রান্ত অভয়ার মা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

Published:

Panihati

প্রীতি পোদ্দার, কলকাতা: দোরগোড়ায় এসে গিয়েছে ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026)। আর সেই আবহে জোর কদমে চলছে ভোটের প্রচার। এমতাবস্থায় পানিহাটিতে (Panihati) ভোটপ্রচার ঘিরে তুমুল বিতর্ক শুরু হল। বুধবার দুপুরে বিজেপি প্রার্থী অভয়ার মা রত্না দেবনাথ প্রচারে বেরিয়ে এদিন হেনস্থার অভিযোগ তুললেন। অভিযোগ ইচ্ছে করেই , তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং মারধরের চেষ্টাও করা হয়।

পানিহাটিতে বিক্ষোভ

রিপোর্ট মোতাবেক আজ, বুধবার, পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়লেন পানিহাটি বিধানসভার বিজেপি প্রার্থী অভয়ার মা রত্না দেবনাথ। অভিযোগ তৃণমূলের কর্মী সমর্থকরা তাঁর বিরুদ্ধে দুর্ব্যবহার করার পাশাপাশি মারধরের চেষ্টাও করে। এমনকি তৃণমূলের উস্কানিতে ওঠে জয় বাংলা স্লোগান। শেষে দুই দলের কর্মীদের মধ্যে মারধর শুরু হয়ে যায়। উত্তাল হয়ে ওঠে এলাকা। গোটা ঘটনায় চরম ক্ষুব্ধতা প্রকাশ করে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। পাল্টা অভিযোগ অস্বীকার তৃণমূল প্রার্থীর।

কী বলছেন অভয়ার মা?

বিজেপি প্রার্থী তথা অভয়ার মা রত্না দেবনাথের অভিযোগ, “তৃণমূলের দুষ্কৃতীরা মারার চেষ্টা করেছে। প্রচার করতে গিয়ে প্রথমেই আমাকে দেখে জয় বাংলা স্লোগান তুলেছিল তাঁরা। তারপর আমাদের কর্মীরা পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন। ভোটের সময় এ ধরনের ঘটনা একদমই কাম্য নয়। তৃণমূল ভয় পেয়েই এভাবে আক্রমণ চালাচ্ছে।” এই ঘটনায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলার সব মেয়েদের নিরাপত্তার জন্য আমি লড়াই চালিয়ে যাব। আমি এর শেষ দেখে ছাড়ব।” এদিকে তৃণমূলের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেন সেখানকার তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ।

আরও পড়ুন: সন্ধ্যেয় বৃষ্টি, কালবৈশাখীর তাণ্ডব দক্ষিণবঙ্গের ৮ জেলায়, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

অভিযোগ অস্বীকার তৃণমূলের

তীর্থঙ্কর ঘোষ বলেন, “বিজেপি প্রার্থী রত্না দেবনাথ বহিরাগতদের নিয়ে প্রচার করছিলেন এবং বিভিন্ন সরকারি প্রকল্প, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, বন্ধ হয়ে যেতে পারে বলে মানুষকে ভয় দেখাচ্ছিলেন। এর জেরেই স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানিয়েছে।” নির্বাচনের মুখে এই ধরনের অভিযোগ পরবর্তীতে কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। এদিকে গতকাল অর্থাৎ মঙ্গলবার, চন্দননগর মহকুমা শাসকের দপ্তরের সামনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে চরম সংঘাত দেখা যায়। রাস্তার মাঝেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। শেষে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয়েছিল বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী।

google button