প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচন নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বঙ্গ রাজনীতিতে। তার উপর রাজ্যের এসআইআর-এর চূড়ান্ত পর্বকে ঘিরে একের পর এক রাজনৈতিক সংঘাত চরম আকার নিয়েছে। শুরু থেকেই যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় SIR প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে সরাসরি আক্রমণ করে গিয়েছেন। অভিযোগের ভিত্তিতে যদিও চুপ থাকেনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনিও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। আর এবার নির্বাচন কমিশনের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করলেন তিনি।
কমিশনের পদক্ষেপ নিয়ে অসন্তোষ শুভেন্দুর
সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেসের SIR প্রক্রিয়ায় হস্তক্ষেপ নিয়ে শুভেন্দু অধিকারী আগেই গর্জে উঠেছিলেন। এমনকি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর মন্তব্য করেছিলেন। আর এবার, কমিশনের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করলেন শুভেন্দু। তিনি বলেন, “নির্বাচন কমিশনের পূর্ণ অধিকার আছে সোজাসুজি সাসপেন্ড এবং FIR করার। তাঁরা খুব ভদ্র আচরণ করে এই সরকারকে বলেছিল করতে। কিন্তু কমিশন করেনি। নির্বাচন কমিশনের উচিত এবার সোজাসুজি অ্যাকশন নেওয়ার। অনেক হয়েছে।” এখানেই শেষ নয়, কমিশনের উদ্দেশে শুভেন্দু আরও জানান যে, “আর কোনও অ্যাডভাইজারির মধ্যে থাকবেন না, পূর্ণ অধিকার আছে, বেগতিক দেখলেই FIR সাসপেন্ড করার। তাই শীঘ্রই অ্যাকশন শুরু করুন।”
ERO ও AERO-দের বার্তা শুভেন্দুর
SIR কাজে নিযুক্ত ERO ও AERO-দের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বিশেষ বার্তা দেন। তিনি বলেন, “আপনারা এগুলো করবেন না। আপনি যদি বেআইনিভাবে অ্যাপ্রোচ করেন তাহলে তার দায়িত্ব আপনার। অরবিন্দ মিনা সহ যে ডিএম-রা আপনাদের পরামর্শ দিচ্ছেন, তাঁর অডিয়ো এখন পোর্টালে ঘুরছে। তাই ERO আর AERO-দের বলব ডিএমদের কোনও নির্দেশ ভার্চুয়ালি নেবেন না। লিখিত অর্ডার ছাড়া কিচ্ছু করবেন না। এতে আপনাদেরই মঙ্গল। আর না করলে শুধু চাকরিই যাবে না, আপনাকে জেলেও থাকতে হবে।”
আরও পড়ুন: স্বামী, সন্তান ছেড়ে বিহারের তরুণীর প্রেমে পড়লেন বীরভূমের গৃহবধূ! করলেন বিবাহ বিচ্ছেদের মামলা
কিছুদিন আগে SIR কাজে নিযুক্ত গ্রুপ-বি অফিসারদের তালিকা নিয়ে মন্তব্য করতে শোনা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে। তিনি বলেছিলেন, নবান্ন গ্রুপ-বি অফিসারদের নামে যে তালিকা পাঠিয়েছিল তাতে পঞ্চায়েত কর্মী, ক্লার্ক এমনকি অবসরপ্রাপ্তদের নামও ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই কারণে এই তালিকায় বহু অসঙ্গতি রয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিল তৃণমূল। আর এবার নির্বাচন কমিশনের নেওয়া পদক্ষেপ নিয়ে প্রশ্ন ওঠায় তৃণমূল নেতা তন্ময় দাস বলেন, ”আইন অনুযায়ী যা যা করার রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব নিশ্চিত ভাবে করবেন। কিন্তু এখানে রাজনীতির কোনও বিষয় নেই। দলের পক্ষ থেকে মন্তব্য করারও কোনও বিষয় নেই।”











