তৃণমূল কত আসন পেতে পারে জানিয়ে দিলেন শুভেন্দু

Published:

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) যুদ্ধে ক্রমেই রাজ্যের পরিস্থিতি উত্তেজনামূলক হয়ে উঠেছে। নন্দীগ্রামের মতোই রাজ্যের অন্যতম হটস্পট কেন্দ্র হয়ে উঠেছে ভবানীপুর (Bhowanipore)। কারণ সেখানে মমতার বিরুদ্ধে লড়বেন শুভেন্দু অধিকারী। সচারচর বিজেপি দুটি কেন্দ্রে এক জন প্রার্থীকে দাঁড় করায় না কিন্তু শুভেন্দুর জন্য সেই নিয়ম নীতি ভেঙেছে বিজেপি। তাই নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্রেও লড়ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর এবার ভবানীপুরে প্রচার কেন্দ্রে জনসমক্ষে জানিয়ে দিলেন তৃণমূল কত সংখ্যক সিট পেতে পারেন।

কী বলছেন শুভেন্দু অধিকারী?

ভবানীপুরে ভোট প্রচারে বেরিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “তৃণমূলের ডাবল ডিজিট পেরোবে না। ট্রিপল ডিজিট হবে না। রাজ্যবাসী মোদিজির হাতে বাংলা ছেড়ে দিতে চান। এরা মনে করছে, বিরোধী দলনেতাকে মোদিজি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের মতো জায়গায় হারানোর জন্য। এরা সাহস নিয়ে বেরিয়ে এসেছে। এরাও পরিবর্তন চাইছে। আইপ্যাক কী প্যাক প্যাক করল, সেটা আমাদের কাজ নয়।” পাশাপাশি আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম সফর নিয়ে তিনি জানান, “আপনারা যত বেশি করে নন্দীগ্রামের দায়িত্ব নেবেন, তত বেশি বেশি ভোটে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হারাতে পারব।”

পাল্টা জবাব শোভন-ফিরহাদের

আসন্ন নির্বাচনে তৃণমূলের ফলাফল নিয়ে শুভেন্দু অধিকারী যে ভবিষ্যৎবাণী করেছেন তার বিরুদ্ধে গর্জে উঠেছে একাধিক তৃণমূল নেতৃত্ব। বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, “এখানে লোডশেডিং করে জেতা যাবে না। আমরা আছি। সজাগ প্রহরীর মতো ভোট লড়ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে, ৬০ হাজার ভোটে জিতছি আমরা, ৬০ হাজার ভোটেই জিতবে।” অন্যদিকে ফিরহাদ হাকিম জানান, “মমতা বন্দ্যোপাধ্যায় ঘর সামলানোর দায়িত্ব দিয়েছেন আমাদের, তাই আমরা সেই দায়িত্ব পালন করে চলেছি। মানুষের কাছে গিয়ে শুধু এইটুকু বলা, মমতাদি দাঁড়িয়েছে এদিক ওদিক নয়। তৃণমূলকে ভোট দিন।”

আরও পড়ুন: মমতার হাত ধরে তৃণমূলে যাওয়া লিয়েন্ডার পেজ যোগ দিতে পারেন বিজেপিতে

প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নির্বাচনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিপরীতে ময়দানে নামতে চলেছেন তাঁরই এককালীন ঘনিষ্ঠ সহকর্মী পবিত্র কর। তাই ভবানীপুরের মতোই নন্দীগ্রামেও ভোট যুদ্ধ একের পর এক চমক নিয়ে আসছে। জানা গিয়েছে, আজ নন্দীগ্রামে একটি কর্মীসভার মাধ্যমে প্রচার শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানকার দলীয় প্রার্থীর সমর্থনে কর্মীদের প্রয়োজনীয় দিশা দেবেন বলেই মনে করা হচ্ছে। নির্বাচনী রণকৌশল নির্ধারণে তাই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এমনকি তৃণমূল কর্মীদের মধ্যেও এই বৈঠক নিয়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

google button