সৌভিক মুখার্জী, রাজগঞ্জ: সামনেই বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026)। তবে তার আগে মনোনীত প্রার্থীরা মনোনয়ন জমা এবার কাজ শেষ করে ফেলেছেন। এমনকি সময়সীমাও প্রায় শেষলগ্নে। তবে এখানেই বাঁধছে বিতর্ক। জলপাইগুড়ির রাজগঞ্জ কেন্দ্রে (Rajganj Assembly Constituency) শাসক দল তৃণমূলের প্রার্থী কে হতে চলেছেন তা নিয়েই এবার নয়া মোড়। একদিকে এবারের মনোনীত প্রার্থী স্বপ্না বর্মণের (Swapna Barman) চাকরি সংক্রান্ত জটিলতা, অন্যদিকে দীর্ঘদিনের বিধায়ক খগেশ্বর রায়ের প্রত্যাবর্তনের সম্ভাবনা, দুই নিয়েই একেবারে কাঁটাছেড়া চলছে উত্তরবঙ্গে। তাহলে কি স্বপ্না প্রার্থীপদ পাচ্ছেন না? ফের ময়দানে নামছেন খগেশ্বর?
আইনি প্যাচে স্বপ্না বর্মণ
আসলে তৃণমূল কংগ্রেস এবার রাজগঞ্জ কেন্দ্রের ভূমিপুত্র তথা প্রবীণ নেতা খগেশ্বর রায়কে সরিয়ে দিয়ে অর্জুন পুরস্কারজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মণকে টিকিট দিয়েছে। তবে সমস্যা শুরু হয় স্বপ্নার চাকরি নিয়ে। তিনি নাকি ভারতীয় রেলের আলিপুরদুয়ার ডিভিশনে স্টাফ এন্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। তবে নিয়ম মেনে ইস্তফা না দেওয়ার কারণে রেল কর্তৃপক্ষ তাঁকে রিলিজ অর্ডার দেয়নি। আর সেই অবস্থাতেই রাজনৈতিক দলে যোগ দেওয়ার অভিযোগে তাঁকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। এখানেই দানা বাঁধছে বিতর্ক। কারণ, নির্বাচন কমিশনের মনোনয়নপত্রের নিয়ম অনুযায়ী, যদি কোনও প্রার্থী সরকারি চাকরি থেকে দুর্নীতির কারণে বরখাস্ত হয়ে থাকেন, তাহলে তাঁকে নির্বাচন কমিশনের বিশেষ অনুমোদনপত্র জমা দিতে হয়। আর স্বপ্না এখনো পর্যন্ত সেই অনুমোদনপত্র হাতে পাননি।
এদিকে আগামীকাল অর্থাৎ সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আর রেল বা নির্বাচন কমিশনের থেকে প্রয়োজনীয় ছাড়পত্র সময় মতো যদি না মেলে, তাহলে স্বপ্নার মনোনয়ন বাতিল হওয়ার সম্ভবনা ১০০ শতাংশ। সেই কারণে ঝুঁকি নিতে চাইছে না তৃণমূলের কোনও নেতা-নেত্রীরা। দলীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে, চারবারের বিধায়ক খগেশ্বর রায়কেই সমস্ত প্রয়োজনীয় নথিপত্র গুছিয়ে তৈরি থাকতে বলা হয়েছে। আর যদি শেষ মুহূর্তে স্বপ্না লড়াই করতে না পারেন, তাহলে তৃণমূলের তুরুপের তাস হয়ে দাঁড়াবেন তিনিই। উল্লেখ্য, অতীতে মুকুটমনি অধিকারী বা দেবাশীষ ধরদের ক্ষেত্রেও একইরকম আইনি জটিলতায় প্রার্থীপদ বাতিল করতে হয়েছিল শাসক দলকে। তা থেকেই এবার শিক্ষা নিয়ে প্ল্যান-বি তৈরি করতে চলেছে মমতা ব্যানার্জির সরকার।
আরও পড়ুন: অভিনেতা রাহুলের রহস্যমৃত্যু, তালসারি থানায় দ্বিতীয় FIR দায়ের প্রসেনজিৎ-প্রিয়াঙ্কাদের
এ বিষয়ে জলপাইগুড়ি জেলা তৃণমূলের সভাপতি মহুয়া গোপ জানিয়েছেন যে, গোটা বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বরা দেখছেন। দল যা নির্দেশ দেবে আমরা সেভাবেই কাজ করতে বাধ্য হব। যদিও এই সমস্যা নিয়ে স্বপ্ন বর্মণ কিংবা রেল কর্তৃপক্ষের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও রকম বক্তব্য সামনে আসেনি।












