প্রীতি পোদ্দার, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে চতুর্থবার ক্ষমতায় আসতে রণকৌশল তৈরিতে ব্যস্ত রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। প্রার্থী তালিকায় নতুন না পুরাতন কাদের রাখলে জনগণের বিশ্বাস এবং মর্যাদা মিলবে তাই নিয়ে যখন জোর জল্পনা চলছে, সেই সময় কালীঘাটে একের পর এক উচ্চপর্যায়ের বৈঠক সারলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনও।
কালীঘাটে একাধিক দফায় বৈঠক শাসকদলের
বাংলার ২৬ এর বিধানসভা নির্বাচনের ডঙ্কা কার্যত বেজে উঠেছে। ভোটার তালিকার SIR প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হলেই আগামী মার্চেই ভারতীয় নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে। তাই এখনই ভোট প্রচারের ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। এই পরিস্থিতিতে শাসক-বিরোধী সব পক্ষই যখন কোমর বেঁধে নেমে পড়েছে প্রস্তুতিতে সেই সময় শাসকদল তৃণমূল কংগ্রেস প্রার্থী বাছাই নিয়ে কালীঘাটে একাধিক দফায় বৈঠক করে চলেছেন মমতা ও অভিষেক। এবারের তালিকায় একাধিক চমক থাকতে পারে বলেই জল্পনা। শুধু তাই নয় আশঙ্কা করা হচ্ছে একাধিক হেভিওয়েট মন্ত্রীর আসন যেমন বদলাতে পারে ঠিক তেমনই আবার যুবদের আধিপত্য বাড়তে পারে প্রার্থী তালিকায়।
প্রার্থী তালিকায় নবীনদের চমক
দলীয় সূত্রে খবর, বুধবার ও বৃহস্পতিবার কালীঘাটে একাধিক দফায় বৈঠক করেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনও। বৈঠকে সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থীর সঙ্গে সরাসরি যোগাযোগও করা হয়েছে বলে জানা যাচ্ছে। শোনা যাচ্ছে, বাংলার এক বিখ্যাত গায়িকা ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের টিকিটে প্রার্থী হতে পারেন। এছাড়াও প্রার্থী হতে পারেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া এক অভিনেত্রীও। অর্থাৎ এবার নির্বাচন যে বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে তা বেশ বোঝা যাচ্ছে।
আরও পড়ুন: মানসিক ভারসাম্যহীন তরুণীকে লাগাতার ধর্ষণ দুর্গাপুরে! অভিযুক্তকে সামনে পেয়ে গণপিটুনি
হেভিওয়েট মন্ত্রীর আসন বদলের সম্ভাবনা
তৃণমূলের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে বলে দলের অন্দরমহল থেকে আভাস মিলেছে। তবে এক্ষেত্রে নবীন নেতাদের যেমন তুলে আনার ভাবনা রয়েছে, তেমনই বেশ কিছু প্রবীণ নেতার নাম বাদ পড়ার সম্ভাবনাও রয়েছে। এর আগে প্রবীণদের গুরুত্ব দিয়েও দলে নবীনদের তুলে আনার পক্ষে বারবার সওয়াল করতে দেখা গিয়েছিল অভিষেককে। হয়ত এবার প্রবীণদের টিকিট না দিয়ে সংগঠনের কাজে লাগানো হতে পারে মনে করা হচ্ছে। ফলে তাঁদের নতুন করে কোনও আসনে প্রার্থী করা হবে, তা নিয়েও জল্পনা বাড়ছে। এছাড়াও প্রার্থী এবং পদ নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব বাধবে কি না, সেই নিয়েও উঠছে প্রশ্ন।












