বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL এর শুরুটা একেবারেই ভাল যাচ্ছে না ভারতীয় তারকা শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে গুজরাতের বিরুদ্ধে মন্থর বোলিং করার কারণে পাঞ্জাবের অধিনায়ককে জরিমানা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বলা হয়েছিল দ্বিতীয় ম্যাচে যেন এই ভুলের পুনরাবৃত্তি না হয়। তবে বারণ সত্ত্বেও সেটাই হয়েছে। গতকাল চেন্নাই সুপার কিংসের ম্যাচে ফের একই ভুল করে পাঞ্জাব।। যার কারণে এবার আরও বড় শাস্তি পেলেন অধিনায়ক আইয়ার।
শ্রেয়স আইয়ারকে শাস্তি দিল বোর্ড
গুজরাতের ম্যাচে মন্থর বোলিং করার কারণে ভারতীয় তারকাকে 12 লাখ টাকা জরিমানা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। গতকাল দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে খেলতে গিয়েও ফের মন্থর বোলিং করতে দেখা গেল পাঞ্জাবের ছেলেদের। মূলত স্লো ওভার রেটের কারণেই এবার আইয়ারকে 24 লাখ টাকা জরিমানা করা হল।
বলাই বাহুল্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, 2.22 ধারা মেনে এই শাস্তি দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেটারকে। তবে বলে রাখি আইয়ারের পাশাপাশি পাঞ্জাব কিংস 11 জন ক্রিকেটার এবং ইম্প্যাক্ট প্লেয়ার প্রিয়াংশ আর্যকেও শাস্তি দিয়েছে বোর্ড। প্রত্যেক প্লেয়ারকে 6 লাখ টাকা জরিমানা অথবা ম্যাচ ফির 25 শতাংশ অর্থ দিতে বলা হয়েছে। এক কথায় বলতে গেলে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুতে চোট পাওয়ার পাশাপাশি পরপর দুবার জরিমানা নিয়ে একপ্রকার বিপদে আইয়ার। প্রশ্ন উঠছে তাহলে কি এবার নির্বাসিত হবেন তিনি?
আরও পড়ুনঃ প্রথমবার ট্রেনে করে নাথুলা, সিকিমে রেলপথের জন্য প্রস্তুতি শুরু
নির্বাসিত হবেন আইয়ার?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 2024 সিজন পর্যন্ত স্লো ওভার রেট বা মন্থর বোলিং করার কারণে সংশ্লিষ্ট দলের অধিনায়ককে একটি ম্যাচে নির্বাসিত করা হতো। যদিও গতবছর অর্থাৎ 2025 মরসুম থেকে সেই নিয়ম বদলে গিয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী, কোনও দল যদি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মন্থর বোলিং করে তবে সেই দলের অধিনায়ক নির্বাসিত হবেন না বরং আর্থিক জরিমানা গুনবেন। একই সাথে নামের পাশে কিছু বিধি নিষেধ এবং ডিমেরিট পয়েন্টও বসানোর নিয়ম আছে। কাজেই বোঝা যাচ্ছে, মন্থর বোলিংয়ের কারণে নির্বাসিত হবেন না আইয়ার।












