বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম দুই ম্যাচে হেরে আত্মবিশ্বাস তলানিতে নেমেছে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। তাই যে কোনও প্রকারে মাথা তুলে দাঁড়ানোই লক্ষ্য শাহরুখের দলের। সেই মতোই চলছে প্রস্তুতি। তবে পাঞ্জাব ম্যাচের আগে কলকাতাকে চিন্তায় রেখেছিল অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের (Cameron Green) বোলিং না করা। এতদিন এই দামি ক্রিকেটারকে বোলিং করানো নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের সাথে কার্যত বেঁধে গিয়েছিল নাইট ম্যানেজমেন্টর। তবে শনিবার হঠাৎ নিজেই ইডেনে নেটে বোলিং করলেন গ্রিন। তাতে নতুন করে আশার আলো দেখছেন নাইট কর্তারা।
অস্ট্রেলিয়ার নির্দেশেই বোলিং করছেন গ্রিন
বেহাল অবস্থা কলকাতার বোলারদের। গত দুই ম্যাচে যার প্রমাণ একেবারে হাতেনাতে পেয়েছেন সমর্থকরা। ব্লেসিং মুজারাবানি ছাড়া সে অর্থে কেউই নিজের ক্ষমতা জাহির করতে পারছেন না। বৈভব আরোরা উইকেট নিলেও রান দিচ্ছেন প্রচুর। মূলত সে কারণেই বারবার গ্রিনের অভাব ভোগাচ্ছে কলকাতাকে। আসলে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর বল হাতে অন্তত সামঞ্জস্য রক্ষা করা যায়। এতদিন সেটাও করছিলেন না গ্রিন।
তবে এবার অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের নির্দেশে ইডেনে নেটে বল করতে দেখা গেল এই বিদেশী ক্রিকেটারকে। যা দেখে আগামী পাঞ্জাব ম্যাচ নিয়ে যথেষ্ট আশাবাদী কলকাতা নাইট রাইডার্সের কর্তারা। অনেকেই মনে করছেন, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার যেহেতু নেটে তিন ওভার টানা বল করলেন ফলে হয়তো আসন্ন ম্যাচে তাঁকে কিছু ওভার বল করাতে পারেন অজিঙ্কা রাহানে। এক কথায় বলাই যেতে পারে, পাঞ্জাব ম্যাচের আগে কিছুটা হলেও দুশ্চিন্তা কেটেছে KKR র। পরবর্তী ম্যাচে জয় নিয়েও আশাবাদী নাইট ম্যানেজমেন্ট…
অবশ্যই পড়ুন: ISL চলাকালীন মাথা ফাটল মোহনবাগান সমর্থকের, নেপথ্যে সেই জামশেদপুর
উল্লেখ্য, গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের সামনে ব্লেসিং ছাড়া কেউই সেভাবে জ্বলে উঠতে পারেননি। বৈভব আরোরা দুই উইকেট নিলেও তাঁর উপর ভরসা পাচ্ছে না ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে মুম্বইয়ের কাছে বড় ব্যবধানে হারের পর SRH ম্যাচে 65 রানে হারের ধাক্কা কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না শহরের এই দল।












