বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ IPL এ পরিশ্রমের ফসল তুলতে পারছে না কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। যে ম্যাচেই নামছে হেরে ফিরতে হচ্ছে তাদের। গতকাল সুযোগ ছিল ম্যাচ জিতে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের ছাপ রাখার। সে পথেও বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। যদিও ম্যাচ বাতিল হাওয়ায় এ সিজনের প্রথম পয়েন্ট পেয়েছে কলকাতা। তবে গতকালের ম্যাচে KKR ম্যানেজমেন্টের এক সিদ্ধান্ত অবাক করে দিয়েছে সকলকে। বলাই বাহুল্য, পাঞ্জাবের বিরুদ্ধে জয় ফিরতে অজিঙ্কা রাহানে যে একাদশ নিয়ে নেমেছিলেন সেই একাদশে ছিলেন না বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন। কিন্তু কেন বাদ এই দুই তারকা?
কেন বরুণ এবং নারিনকে বাদ দিল KKR?
2012 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছিল ক্যারিবিয়ান তারকা সুনীল নারিনের। এরপর থেকে টানা 14 বছরেরও বেশি সময় KKR এ রয়েছেন তিনি। নারিন এমন একজন প্লেয়ার যিনি আজ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দলবদল করেননি। শাহরুখ খানের ম্যানেজমেন্টও তাঁকে হাতছাড়া করেনি। গতকাল সেই প্লেয়ারকে বাদ দিয়েই একাদশ সাজিয়েছে KKR। যা ভক্তদের অবাক করেছে তা বলাই যায়।
অন্যদিকে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের একসময়ের এক নম্বর প্লেয়ার বরুণ চক্রবর্তী। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেকে পুরোপুরি নিংড়ে দিতে না পারায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তালিকায় পতন হয়েছে তাঁর। এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার রশিদ খান। তাঁর জায়গা দ্বিতীয় নম্বরে। আসলে সাম্প্রতিক সময়ে ফর্মে না থাকায় এই প্লেয়ারের গুরুত্ব কমছে KKR এ এমনটাই মনে করছেন অনেকে।
অবশ্যই পড়ুন: যুদ্ধের মধ্যেই হঠাৎ ভারতের প্রশংসায় পঞ্চমুখ ইরান, হরমুজ নিয়েও খুলল মুখ
যদিও, রাহানে বলছেন, একেবারে বাধ্য হয়ে এই দুই প্লেয়ারকে একাদশ থেকে বাদ দিতে হয়েছে। সূত্রের খবর, গত ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে কাঁধে হালকা চোট পেয়েছিলেন বরুণ। মূলত সে কারণে তাঁর জায়গায় গতকাল খেলেছিলেন নবদীপ সাইনি। যদিও চোট নিয়ে অনুশীলন করতে দেখা গিয়েছিল এই খেলোয়াড়কে। অনেকেই মনে করছেন, ফর্মে না থাকার কারণেই বাদ পড়েছেন তিনি।। এদিকে গত ম্যাচে ভালো ছন্দে না থাকায় বাদ পড়তে হয়েছে নারিনকেও। সোমবার দলে তাঁর জায়গা নিয়েছিলেন ক্যারিবিয়ান তারকা রোভম্যান পাওয়েল।












