বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) হাত ধরে গত অনূর্ধ্ব 19 বিশ্বকাপে জিতেছিল টিম ইন্ডিয়া। এবার সেই 14 বছরের সূর্যবংশীকে তাঁর প্রাপ্য পুরস্কার তুলে দিলো বিহার সরকার। জানা যাচ্ছে, বিশ্বকাপে ভারতের সাফল্যে বড় অবদান রাখার কারণে কিশোর প্রতিভা বৈভবকে 50 লাখ টাকার চেক তুলে দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এখানেই শেষ নয়, বিশ্বকাপ সহ অন্যান্য মঞ্চে দেশের নাম উজ্জ্বল করায় টাটার তরফ থেকে একটি গাড়ি উপহার পেয়েছেন বিহারের ভূমিপুত্র।
ক্রিকেটের জন্য স্কুল জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় বসেননি বৈভব
অনূর্ধ্ব 19 বিশ্বকাপ শেষ করে কিছুদিনের বিশ্রামে ছিলেন বৈভব সূর্যবংশী। সেই সময়ই তাঁর দশম শ্রেণীর CBSE বোর্ড পরীক্ষা পড়ে যায়। সেই মতোই, ভারতীয় তারকার অ্যাডমিট কার্ডও ইস্যু করা হয়। প্রথমে শোনা গিয়েছিল, পোদ্দার ইন্টারন্যাশনাল স্কুলে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা দিতে যাবেন বৈভব। তবে পরবর্তীতে জানা যায়, ক্রিকেটে ব্যস্ত সূচির কারণে বোর্ড পরীক্ষায় বসছেন না তিনি। এ নিয়ে পরিবারের সাথে আলোচনার পরই এমন সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেটার। তাছাড়াও সামনেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তার জন্য আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে প্রস্তুতি। এইসব দিক মাথায় রেখেই পরীক্ষায় বসেননি বৈভব।
বৈভবকে পুরস্কারে মুড়িয়ে দিচ্ছে বিহার সরকার
গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থানের হয়ে সেঞ্চুরি করে বড় রেকর্ড গড়েছিলেন বৈভব। মাত্র 14 বছরের এই খেলোয়াড়ের এমন কীর্তিতে সেবার তাঁকে 10 লাখ টাকা আর্থিক পুরস্কার দিয়েছিল বিহার সরকার। তবে এবার বিশ্বকাপে দেশের জয়ে বড় অবদান রাখায় বৈভবকে 50 লাখ টাকার আর্থিক পুরস্কার দিলেন নীতিশ কুমার।
অবশ্যই পড়ুন: বিশ্বকাপে ভারতের লজ্জার হারের নেপথ্যে মূল কালপ্রিট টিম ইন্ডিয়ার এই ৭ প্লেয়ার!
গাড়ি উপহার পেলেন বৈভব
বিশ্বকাপে ভাল পারফরমেন্সের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে আর্থিক পুরস্কার পাওয়ার পাশাপাশি ভারতীয় সংস্থা টাটার তরফে একটি বিলাসবহুল টাটা কার্ভ গাড়ি উপহার পেয়েছেন বৈভব। সেই গাড়িটির ডেলিভারি নিতে বাবার সাথে শোরুমে গিয়েছিলেন সূর্যবংশী। সেখানে গিয়ে এই ক্যামেরার মুখোমুখি হয়ে বৈভব জানান, “এটা আমার কাছে উপহার নয় বরং ভবিষ্যতে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা। আমার সাফল্যের জন্য আমি আমার অভিভাবক থেকে শুরু করে কোচ এবং সমর্থকদের ধন্যবাদ জানাই।”












