বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃহস্পতিবার লখনউয়ের সামনে প্রথম জয়ের আশা দেখেছিল কলকাতা নাইট রাইডার্স। 128 রানে LSG তখন 7 উইকেট হারিয়েছে। ঠিক সেই সময় ব্যাট করতে নামেন ভারতীয় অনামি ক্রিকেটার মুকুল চৌধুরী (Mukul Choudhary)। আর এসেই যেন KKR র আশায় জল ঢাললেন তিনি। কেউ ভাবতেও পারেনি, এই পরিস্থিতি থেকেও জিতে যাবে LSG। ব্যাট হাতে কলকাতার বোলারদের কার্যত পিটিয়ে ছাতু করেন 21 বছরের এই ভারতীয়। আর তাতেই জেতা ম্যাচ হেরে যায় শাহরুখ খানের দল।
মুকুল চৌধুরীর লড়াই স্মরণীয় হয়ে থাকবে
LSG তখন একের পর এক উইকেট হারিয়ে ভেঙে পড়েছে। সেই পর্বে ব্যাট হাতে একেবারে রুখে দাঁড়ালেন মুকুল। 27 বলে 54 রানের অনবদ্য ইনিংস খেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে নিজের নামটা তুললেন তিনি। সেই সাথে প্রয়োজনীয় লক্ষ্য তাড়া করে কলকাতার দুঃস্বপ্ন হয়ে উঠলেন এই ভারতীয় ক্রিকেটার। এদিন একেবারে শেষ সময়ে 7টি ছয় এবং 2টি চার মেরে নিজের ইনিংস সাজিয়ে নিয়েছিলেন তিনি। সবশেষে কলকাতাকে হারিয়ে গোটা মাঠ জুড়ে সেলিব্রেশন করেন মুকুল।
কলকাতার স্বপ্ন ভেঙে দেওয়া কে এই মুকুল চৌধুরী?
ভারতীয় ক্রিকেটে খুব একটা পরিচিত নাম নয় মুকুল চৌধুরী। আজ পর্যন্ত নিজের ক্রিকেট কেরিয়ারে 7টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সেই আসরে করেছেন 226 রান। বলাই বাহুল্য, 2023 সালের ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের জার্সিতে অভিষেক হয়েছিল মুকুলের। সেই প্লেয়ারকেই এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম থেকে 2 কোটি 60 লাখ টাকায় কিনেছিল LSG।
রাজস্থানের ঝুনঝুনে জন্মগ্রহণকারী মুকুলের বাবা প্রথম থেকেই স্বপ্ন দেখতেন ছেলেকে একজন বড় মাপের ক্রিকেটার তৈরি করবেন। সে জন্য অবশ্য কম লড়াই করেননি তিনি। বিভিন্ন অ্যাকাডেমি ঘুরে ঘুরে শেষ পর্যন্ত গুরুগ্রাম, দিল্লির অ্যাকাডেমিতে ছেলেকে ভর্তি করেন তিনি। সেখান থেকেই উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে সংগ্রাম শুরু হয় মুকুলের।
অবশ্যই পড়ুন: ৫টি অ্যাকাউন্ট, ব্যাঙ্কে জমা ১৯ লক্ষ, পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ার মায়ের সম্পত্তি কত?
সবচেয়ে বড় কথা, উইকেট কিপার ব্যাটসম্যানের ভূমিকায় খেললেও ফাস্ট বোলার হিসেবে নিজের ক্রিকেট জীবন শুরু করেছিলেন মুকুল। ভারতীয় ক্রিকেটে এতদিন নামটা খুব একটা পরিচিত না হলেও কলকাতার ম্যাচে নিজের আগ্রাসী ব্যাটিং দিয়ে এবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন রাজস্থানের এই খেলোয়াড়। অনেকেই মনে করছেন এভাবে খেলা চালিয়ে যেতে পারলে, আগামী দিনে ভারতীয় দলে জায়গা করে নেওয়ার সুযোগ থাকবে মুকুল চৌধুরীর হাতে।












