ফুঁসছে নিম্নচাপ-ঘূর্ণাবর্ত! কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় তুমুল বৃষ্টি, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ একটানা বৃষ্টিতে মনোরম আবহাওয়া (Weather Today) বিরাজ করছে বাংলায়। যেন শীত ফিরে এসেছে পশ্চিমবঙ্গে। বৃষ্টির সঙ্গে চলছে কালবৈশাখীর দাপট। আগামী কয়েকদিন এরকম পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবারও কলকাতা সহ বেশ কিছু জেলায় দুর্যোগের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। আসলে একের পর এক ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা, বঙ্গোপসাগর থেকে প্রবেশ করা জলীয় বাষ্প মিলিয়ে বাংলায় ঝড় বৃষ্টির জন্য অনুকূল আবহাওয়া তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ভ্রূকুটি রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া এবং নদীয়া জেলায়। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আরও পড়ুন: টেট পরীক্ষার অতিরিক্ত ৬ নম্বর নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, কারা পাবেন?

আসলে উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিহার, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, উত্তর বাংলাদেশ, মেঘালয় এবং দক্ষিণ-পূর্ব অসমের উপর দিয়ে একটি পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিমি উচ্চতা পর্যন্ত প্রসারিত। এরইসঙ্গে ছত্তিশগড় ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতায় একটি উপরের স্তরের ঘুর্ণাবর্ত অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। জানা গিয়েছে, এদিন হালকা থেকে মাঝারি পরিমাণে বর্ষণের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এদিন বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া

শুক্রবার কেমন থাকবে আবহাওয়া? জানা গিয়েছে এদিন হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম জেলায়। বাকি জেলাগুলির আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের কথা বললে, এদিন হালকা থেকে মাঝারি পরিমাণে বর্ষণের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

google button