প্রীতি পোদ্দার, কলকাতা: এপ্রিল মাসে যেখানে কাঠফাটা রোদে সকলে ব্যতিব্যস্ত হয়ে পড়ে সেখানে এই আবহাওয়ায় রীতিমত আপ্লুত হয়ে পড়েছে সকলে। দক্ষিণ (North Bengal) উত্তরবঙ্গ (South Bengal), রাজ্যের সব জেলাতেই বৃষ্টি হয়েই চলেছে। কোথাও হালকা থেকে মাঝারি তো কোথাও আবার ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সঙ্গে কোথাও কোথাও আবার হচ্ছে কালবৈশাখীর তাণ্ডব। তবে এবার সেই দুর্যোগ কাটতে চলেছে। আগামীকাল (Weather Tomorrow) থেকে উন্নত হতে চলেছে আবহাওয়া।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল যে, উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের উপরেও এই অক্ষরেখা রয়েছে। তাই সেই কারণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ক্রমাগত ঢুকছিল। এতে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় গত কয়েকদিন ধরে এই বৃষ্টির দাপট সহ্য করতে হয়েছিল। তবে এবার আবহাওয়ার দুর্যোগ কাটতে চলেছে। এবং বাড়তে চলেছে তাপমাত্রা। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। যদিও কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা দিলেও দিতে পারে। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি দুর্যোগ কাটবে। একটু একটু করে আবহাওয়া উন্নত হবে। তবে বিকেলের দিকে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ার মতো জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও নতুন কোনও নিম্নচাপ বা ঝঞ্ঝার সম্ভাবনা নেই। তবে এবার ধাপে ধাপে বাড়তে চলেছে তাপমাত্রা। অর্থাৎ পয়লা বৈশাখের আগেই ফের গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি ফেরার ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস।
আরও পড়ুন: সামনের সপ্তাহেই একটানা ৫ দিন ছুটি! দেখুন নবান্নের হলিডে লিস্ট
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে ধীরে ধীরে দুর্যোগ কমলেও উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির তীব্রতা এবং হাওয়ার গতিবেগ দুই-ই বেশি থাকার আশঙ্কা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলোতে বৃষ্টির সময় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে। এমনকি মালদহ ও দুই দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।












