সহেলি মিত্র, কলকাতাঃ আশঙ্কা সত্যি করে ফের দুর্যোগ শুরু হল বাংলায়। কালবৈশাখী, ভারী বৃষ্টি, শিলাবৃষ্টিতে জেরবার হতে চলেছে সমগ্র বাংলা। আজ শনিবার বহু জেলায় প্রবল ঝড় বৃষ্টির জন্য হাই অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Today)। সে দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ, দুর্যোগ হবেই, পূর্বাভাস আবহাওয়া অফিসের। সৌজন্যে একাধিক ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে লাগাতার আসা আদ্রতা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ শনিবার সপ্তাহান্তে সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, কলকাতা, হুগলি জেলায় ৫০-৬০ কিমি/ঘণ্টা বেগে ঝড় এবং বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্যান্য জেলায় ৪০-৫০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া হতে পারে।
জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি ট্রাফ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন বাংলাদেশ ও অসমের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতা প্রবেশ এবং অনুকূল বায়ুপ্রবাহের কারণে আগামী ২ দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির মাত্রা এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পেতে পারে বলে খবর।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ থেকে আবার উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী বর্ষণের পুর্বাভাস দিয়েছে মৌসম ভবন। বুলেটিন অনুযায়ী, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখিত জেলাগুলিতে ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। এছাড়া বাদবাকি জেলাগুলিতে বৃষ্টি এবং দমকা হাওয়ার মাত্রা ৪০-৫০ কিমি/ঘণ্টা হওয়ার সম্ভাবনা।
আরও পড়ুনঃ ATM থেকে কতবার টাকা তোলার পর দিতে হবে চার্জ? ১ এপ্রিলে বদলাচ্ছে নিয়ম
আগামীকালের আবহাওয়া
রবিবার কেমন থাকবে বাংলার আবহাওয়া? এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের কথা বললে, এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে।












