সহেলি মিত্র, কলকাতাঃ আর শীত নয়, এবার ক্রমশ বাড়তে শুরু করেছে বাংলার তাপমাত্রা। আর কয়েকদিন পরেই গরমে রীতিমতো নাজেহাল অবস্থা হবে বঙ্গবাসীর বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়াবিদরা। রাত ও ভোরের দিকে হালকা শীতের আমেজ থাকলেও বেলার দিকে আর শীত ভাব থাকবে না। যাইহোক, আজ শুক্রবার সারাদিন মোটের ওপর শীত গরম মিলিয়েই থাকবে আবহাওয়া। এক কথায় সুখের দিন শেষ হতে চলেছে। এরইসঙ্গে আবার মাসের শেষে কালবৈশাখী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে বিভিন্ন হাওয়া অফিস। এদিকে সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আজ মোটের ওপর আবহাওয়া ঠান্ডা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া এবং বর্ধমান জেলার। উল্লেখিত জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আগামী দুই দিন অপরিবর্তিত থাকবে। এর পর, আগামী চার দিন রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী সাত দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: হাতে আর ৯ দিন, এই কাজ না করলে পাবেন না ফ্রি রেশন!
ভারত মহাসাগরের দক্ষিণ অংশ এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি এখনও সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উপরে ঘুরছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এটি শ্রীলঙ্কার দিকে অগ্রসর হতে পারে। কলকাতার আলিপুরের আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে যে আগামী কয়েক ঘন্টার মধ্যে সমুদ্রের উপর ঘূর্ণাবর্তটি আরও তীব্রতর হবে বলে আশা করা হচ্ছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার বিচ্ছিন্ন এলাকায় আগামী দুই দিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। দার্জিলিং জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আগামী সাত দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।












