ধেয়ে আসছে অতি শক্তিশালী স্কোয়াল ফ্রন্ট! শিলাবৃষ্টি, কালবৈশাখী, ভারী বর্ষণ দক্ষিণবঙ্গে

Published:

South Bengal Weather

সহেলি মিত্র, কলকাতাঃ রোদ দেখে ভাবছেন বৃষ্টি আর হবে না? তাহলে ভুল ভাবছেন। আজ বুধবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, শিলাবৃষ্টির সতর্কতা (South Bengal Weather) জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। যদিও আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টির দাপট কম থাকলেও শুক্রবার থেকে ফের একবার ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা। সৌজন্যে স্কোয়াল ফ্রন্ট (Squall Line)। আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, নতুন করে বাংলায় ধেয়ে আসছে শক্তিশালী ঝড়বৃষ্টি যুক্ত স্কোয়াল ফ্রন্ট সিস্টেম।

ঘনাচ্ছে স্কোয়াল ফ্রন্ট সিস্টেম

আবহাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার থেকে শুরু হওয়া নতুন সিস্টেমের কারণে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও তীব্র বজ্রবিদ্যুৎ, কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে বলে খবর। আজ বুধবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় দমকা হাওয়াসহ ঝড়ের পূর্বাভাস রয়েছে। অনেক এলাকায় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আইএমডি কলকাতা।

আরও পড়ুনঃ হাওড়া-বর্ধমান MEMU ট্রেনের রুট বদলে দিল পূর্ব রেল, যাত্রী ভোগান্তির আশঙ্কা

আগামীকাল সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। তাপমাত্রাও কিছুটা বাড়ছে। তবে ফের কমে যাবে ঝড় বৃষ্টির জন্য। এদিকে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় উপকূলের জেলাগুলিতে কুয়াশার প্রকোপ কিছুটা বেশি। এদিকে বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টিপাত চলবে বলে খবর।

ফের বাংলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি

শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। উল্লেখিত জেলাগুলিতে কালবৈশাখীর পাশাপাশি শিলাবৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলার কিছু অংশে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি। সতর্কতা জারি করা হয়েছে কলকাতাতেও। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি ঝড়ের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পরিমাণ এক ধাক্কায় অনেকটাই বাড়বে বলে খবর।

google button