সৌভিক মুখার্জী, কলকাতা: মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দিনের পর দিন দেশে গ্যাসের সংকট বাড়ছে। এলপিজি-র দাম তো বৃদ্ধি পেয়েছেই (LPG Crisis), তার পাশাপাশি অটো গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটাই ঊর্ধ্বগতিতে (Auto Fare Hike) ঠেকেছে। ৫৬ টাকা থেকে মাত্র কয়েক দিনের মধ্যেই ৭০ এর গণ্ডি টপকেছে গ্যাসের দাম। সেই কারণে শহর কলকাতায় অটো চলাচল কার্যত অনিশ্চয়তার মুখে পড়েছে। পাম্পে দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকছে অটোগুলি (Kolkata Auto)। কিন্তু গ্যাসের আকাল। মিলছে না এলপিজি। সেই কারণেই ভাড়া বৃদ্ধি করতে বাধ্য হল কলকাতা অটো সংগঠন। একাধিক রুটে ভাড়া বাড়ানো হয়েছে। কোন রুটে কত ভাড়া বাড়ল? জানুন এই প্রতিবেদনে।
ভাড়া বাড়ল কলকাতার একাধিক অটোর
গ্যাসের দামের ঊর্ধ্বগতির কারণে যে যে রুটে ভাড়া বাড়ানো হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল—
১) বিধাননগর স্টেশন থেকে সেক্টর ফাইভ রুটে অটো ভাড়া ৫ টাকা করে বাড়ানো হয়েছে। যার ফলে আগে যেখানে যাত্রীদের ৩৫ টাকা করে দিতে হত, এখন ৪০ টাকা করে দিতে হবে। এক কথায় টিসিএস-র চাকরিপ্রার্থী বা অফিসপাড়ার যাত্রীদের উপরেই এবার প্রভাব পড়বে।
২) ফুলবাগান থেকে গিরিশ পার্ক রুটে বাড়ানো হয়েছে ভাড়া। এই রুটে এবার ৩ টাকা করে ভাড়া বাড়ানো হয়েছে। যার ফলে নতুন ভাড়া হয়েছে ২৩ টাকা। আগে এই রুটে ভাড়া ছিল ২০ টাকা।
৩) মানিকতলা থেকে ফুলবাগান রুটে আগে ১৫ টাকা ভাড়া ছিল। তবে গ্যাসের দাম বৃদ্ধির পাওয়ার কারণে এই রুটেও ২ টাকা ভাড়া বাড়ানো হয়েছে। যার ফলে এখন নতুন ভাড়া দাঁড়িয়েছে ১৭ টাকা।
৪) বিধাননগর স্টেশন থেকে ট্যাঙ্ক নম্বর ১২ পর্যন্ত ৫ টাকা ভাড়া বাড়ানো হয়েছে। এই রুটে আগে ২৫ টাকা ভাড়া ছিল। আর এখন তাত বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকা।
৫) ট্যাঙ্ক নম্বর ১৩ থেকে ফুলবাগান রুটেও বাড়ানো হয়েছে ভাড়া। এই রুটে আগে ১৪ টাকা ভাড়া ছিল। এখন যাত্রী পিছু ২ টাকা করে ভাড়া বাড়িয়ে করা হয়েছে ১৬ টাকা।
বলাবাহুল্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে দিনের পর দিন চিন্তা বাড়ছে অটো চালকদের। শহরতলীর যোগাযোগের ক্ষেত্রে অটো সবথেকে বড় মাধ্যম। কিন্তু এলপিজির অভাবে এবং কালোবাজারির জন্য গ্যাস নিয়ে অটো এবং গাড়িচালকদের দিনের পর দিন অভিযোগ বাড়ছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সে নিয়ে এখনো পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। তবে এই অটো ভাড়া বৃদ্ধির কারণে সাধারণ মানুষ অর্থাৎ নিত্যযাত্রীদের পকেটে যে বাড়তি চাপ পড়ল তা বলার অপেক্ষা রাখে না।












