সৌভিক মুখার্জী, কলকাতা: সামনেই বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026)। তবে সেই দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই কড়াকড়ি বাড়ছে শহর কলকাতা থেকে শুরু করে গোটা বাংলায়। মঙ্গলবার সকালে উত্তর কলকতার শোভাবাজার এলাকায় নাকা চেকিং (Roadblock Check in Sovabazar) চলাকালীন এক গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, সেন্ট্রাল অ্যাভিনিউয়তে এই অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ১৬ লক্ষ ৯৪ হাজার টাকা। ঘটনায় গাড়িসহ দু’জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে, এবং বিষয়টি আয়কর দফতরকে জানানো হয়েছে।
নাকা চেকিং-এ কলকাতায় একের পর এক সাফল্য
প্রসঙ্গত, ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই শহরের বিভিন্ন প্রবেশপথে নজরদারি বাড়িয়ে ফেলেছে নির্বাচন কমিশন। গত কয়েকদিনে একাধিক জায়গায় বেনজির কর্মকান্ড ধরা পড়েছে। দু’দিন আগেই টালিগঞ্জের নেতাজিনগর এলাকায় নাকা চেকিং-এ একটি গাড়ি থেকে আনুমানিক ৩৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল। আর আলিপুরের জনৈক বাসিন্দার কাছ থেকে পাওয়া ওই টাকার কোনও রকম বৈধ উৎস না মেলার কারণে তা বাজেয়াপ্ত করা হয়। এদিকে কেবল কলকাতা নয়, উত্তরবঙ্গেও চলেছে নাকা চেকিং। অসম থেকে কোচবিহারে আসা এক বাস ও একটি চারচাকার গাড়ি থেকে দুই দফায় আনুমানিক ৩ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
তবে রাজ্যে আইএএস ও আইপিএস আধিকারিকদের রদবদল নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। গত শুক্রবার এক সভায় তিনি দাবি করেন, এখানকার অফিসারদের কেন বদলে দিচ্ছে জানেন? যাতে বাইরে থেকে টাকা ঢোকানো যায়। আর বর্ডার থেকে টাকা আমদানি করার জন্যই বেশি বেশি অবজার্ভার পাঠানো হচ্ছে রাজ্যে। ইতিমধ্যেই অলিখিতভাবে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে বাংলায়। এদিকে মমতার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে আবারও বিতর্ক দানা বেধেছে। বিরোধীদের দাবি, সুষ্ঠু ও অবাধ ভোট করানোর জন্যই কমিশন বড়সড় পদক্ষেপ নিচ্ছে।
আরও পড়ুন: বন্ধ হয়ে গেছে রেশন কার্ড? ঘরে বসেই ৫ মিনিটে করুন সক্রিয়, রইল সহজ প্রসেস
উল্লেখ্য, রাজ্যে শান্তি বজায় রাখার জন্য ইতিমধ্যেই বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ফেলেছে নির্বাচন কমিশন। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা তল্লাশি। কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোট মিটে যাওয়ার পরেও রাজ্যে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে, যাতে পরবর্তীতে কোনও রকম হিংসা না হয়। এমনকি পুলিশ সূত্রে খবর, ভোটের আগে কালো টাকার ব্যবহার রুখতে এই ধরনের তল্লাশি আরও জোরদার করা হবে।












