সহেলি মিত্র, কলকাতাঃ দীর্ঘ ৬ বছরের অপেক্ষার অবসান। অবশেষে ফের একবার শুরু হতে চলেছে কলকাতা টু চিনের কুনমিং অবধি বিমান (Kolkata Kunming Flight) পরিষেবা। শুনে বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই সত্যি। সবকিছু ঠিকঠাক থাকলে নববর্ষের পরেই শুরু হতে পারে এই দীর্ঘ প্রতীক্ষিত বিমান পরিষেবা বলে খবর। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
ফের চালু হচ্ছে কলকাতা-কুনমিং বিমান পরিষেবা
জানা গিয়েছে, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স আগামী ১৮ই এপ্রিল থেকে কলকাতা ও কুনমিং-এর মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করবে। কোভিড-১৯ মহামারীর পর থেকে দুই জায়গার মধ্যে এতদিন বিমান পরিষেবা বন্ধ ছিল। তবে এবার সব জটিলতা কাটিয়ে শুরু হতে চলেছে পরিষেবা। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংযোগ পুনরুদ্ধার হবে। চিনা বিমান সংস্থাটি ২০২০ সালের মার্চ মাসে এই রুটে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। অন্যদিকে সে বছরের ১৯শে মার্চ কলকাতা থেকে তাদের শেষ ফ্লাইটটি ছেড়েছিল।
বিমানের সময়সূচি কী?
এয়ারলাইনের ঘোষিত সময়সূচী অনুসারে, ফ্লাইট MU555 মঙ্গলবার ছাড়া সপ্তাহে ছয় দিন পরিচালিত হবে এবং এটি ২ ঘন্টা ৪৫ মিনিটের যাত্রা শেষে কুনমিং থেকে ২৩:৫৫ মিনিটে ছেড়ে পরের দিন ০০:১০ মিনিটে কলকাতায় পৌঁছাবে। ফিরতি ফ্লাইট, MU556, বুধবার ছাড়া সপ্তাহে ছয় দিন পরিচালিত হবে এবং এটি কলকাতা থেকে ০১:১০ মিনিটে ছেড়ে ০৬:২০ মিনিটে কুনমিং পৌঁছাবে। এই রুটে বোয়িং ৭৩৭ বিমান ব্যবহার করা হবে এবং সমস্ত সময় স্থানীয় সময় অনুযায়ী।
আরও পড়ুনঃ সোনার দাম নিয়ে স্বস্তি মিললেও খারাপ খবর শোনাচ্ছে রুপো! আজকের রেট
২০০৭ সালের অক্টোবরে চায়না ইস্টার্ন প্রথম বিমান সংস্থা হিসেবে কলকাতার সঙ্গে কুনমিং-এর সংযোগ স্থাপন করে এবং এই রুটটি দ্রুত সেইসব ব্যবসায়ী ও ব্যবসায়িক ভ্রমণকারীদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে। কুনমিংকে চীনের অন্যান্য শহরে যাওয়ার প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করতেন মানুষ। কিন্তু পরিষেবা বন্ধ হওয়ায় সবকিছুর ওপরেই ব্যাপক প্রভাব ফেলেছিল। তবে অবশেষে ফের একবার শুরু হবে পরিষেবা।












