প্রীতি পোদ্দার, কলকাতা: ভোটের দিন (West Bengal Election 2026) যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে বঙ্গে। শেষ মুহূর্তে জনসংযোগ বৃদ্ধি করতে দিন রাত এক করে উঠে পরে লেগেছেন নেতা মন্ত্রীরা। এই অবস্থায় এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) টাকা কবে ঢুকবে, তা নিয়ে উপভোক্তাদের মধ্যে জল্পনা তৈরি হয়েছিল। আর তাতেই শোনা গেল এবার এক গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাকি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হিসেবে মাত্র ৫০০ ঢুকেছে।
প্রশ্নের মুখে লক্ষ্মীর ভাণ্ডার
একুশের বিধানসভা ভোটের আগে মহিলাদের জন্য এক বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ভোটে জিতেই কার্যকর করেন লক্ষ্মীর ভাণ্ডার। বিরোধীরা তৃণমূল কংগ্রেসের এই প্রকল্পের নিন্দা করলেও সময় বুঝিয়ে দিয়েছে, তৃণমূল নেত্রীর এই পদক্ষেপ কতটা সময়পযোগী ছিল। বর্তমানে প্রতি মাসে সাধারণ মহিলারা ১৫০০ টাকা করে পায় এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি মহিলারা প্রতি মাসে ১৭০০ টাকা করে পায়। সবমিলিয়ে সরকারের এই লক্ষ্মীর ভাণ্ডার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু এবার সেই প্রকল্প প্রশ্নের মুখে পড়ল। কম টাকা ঢুকল গ্রাহকের অ্যাকাউন্টে।
অ্যাকাউন্টে ঢুকেছে মাত্র ৫০০ টাকা
রিপোর্ট মোতাবেক, নাম প্রকাশ্যে অনিচ্ছুক মধ্যমগ্রামের এক গ্রাহক জানিয়েছেন, আজ অর্থাৎ বুধবার তাঁর লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাকাউন্টে ঢুকেছে মাত্র ৫০০ টাকা। এদিকে তাঁর অ্যাকাউন্টে চলতি বছর গত ফেব্রুয়ারি মাস থেকে ১৫০০ টাকা করে ঢুকছিল লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। তিনি জানিয়েছেন, গত বছরের শেষের দিকে দুয়ারে সরকারে তিনি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন। যা কার্যকর হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি থেকে। কিন্তু আচমকা এপ্রিলে ৫০০ টাকা অ্যাকাউন্টে ঢোকায় হতবাক তিনি। এদিকে তাঁরই পরিবারের বাকি মহিলা সদস্যরা ১৫০০ করে পেয়েছেন। এই সমস্যা বেশ কয়েকজন গ্রাহকের ক্ষেত্রে দেখা যাচ্ছে। অনুমান করা হচ্ছে সরকারের কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে হয়ত এই সমস্যা। যদিও প্রশাসনের তরফে এখনও কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: ‘আবার সরকার গড়ব’ ভবানীপুরে মনোনয়ন দিয়েই বড় বার্তা মমতার
প্রসঙ্গত, প্রতি মাসের ১০ তারিখের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যায় উপোভোক্তাদের কাছে। কিন্তু কিছুদিন আগেই শোনা যাচ্ছিল যে এপ্রিল মাস পড়তেই নাকি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া সাময়িকভাবে বন্ধ করবে সরকার। তার অন্যতম প্রধান কারণ হল ২৬ এর বিধানসভা নির্বাচন। আসলে ভোটের সময় আচরণবিধি কার্যকর থাকে। এই সময় নতুন কোনও সরকারি ঘোষণা বা আর্থিক সুবিধা বিতরণে বিধিনিষেধ থাকতে পারে। তাই হয়ত ভোটের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের কিস্তি আটকে থাকতে পারে। তবে দেখা যাচ্ছে অনেকেই এপিলের ৪ তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে।












