সৌভিক মুখার্জী, কলকাতা: আজ থেকে রাজ্যজুড়ে শুরু হল স্বনির্ভর বাংলা ক্যাম্প, যেখানে মাধ্যমিক পাস বেকার যুবক-যুবতীরা খুব সহজেই যুবসাথী প্রকল্পের (Banglar Yuva Sathi) জন্য অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তবে নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানানো হয়েছে, এই বেকার ভাতা কোনওভাবেই ২০ বছরের জন্য নয়, বরং ৫ বছরই পাওয়া যাবে। অর্থাৎ, ২১ বছর বয়সে ভাতা পাওয়া শুরু করলে যে ৪০ বছর অবধি ভাতা মিলবে এমনটা নয়। পাশাপাশি ৫ বছরের মধ্যে কর্মসংস্থান বা চাকরি হলেও ভাতা বন্ধ হবে। শুক্রবার রাতে এরকম এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের তরফে।
যুবসাথী প্রকল্প নিয়ে বড় পদক্ষেপ নবান্নের
রাজ্য সরকারের তরফ থেকে বাজেটে এই যুবসাথী প্রকল্পের ঘোষণা করা হয়, যার মূল উদ্দেশ্য হল রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়া। ক্রীড়া এবং যুব কল্যাণ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবছর ১ এপ্রিল যদি কারোর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হয়ে থাকে, তাহলেই সে একমাত্র এই প্রকল্পের ভাতা পাবে। তবে হ্যাঁ, তাকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর সর্বোচ্চ ৫ বছর এই ভাতা মিলবে। পাশাপাশি চাকরি বা অন্য কোনও সরকারি স্কিমে নাম নথিভুক্ত থাকা যাবে না।
কী বলা হল বিজ্ঞপ্তিতে?
নবান্নের তরফ থেকে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে স্পষ্ট জানানো হয়েছে, এই প্রকল্পটি গোটা রাজ্যজুড়েই কার্যকর হবে। অর্থাৎ, রাজ্যের প্রত্যেক বেকার যুবক-যুবতী এই প্রকল্পের ভাতা পাবে। আর মাসে ১৫০০ টাকা করে সরাসরি আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি-র মাধ্যমে ট্রান্সফার করা হবে। ভাতা মিলবে সর্বোচ্চ ৫ বছর এবং তার মধ্যে কর্মসংস্থান হলে ভাতা বন্ধ হবে। আর বছরে একবার করে লাইভ স্ট্যাটাস জানানো বাধ্যতামূলক। এমনকি লাইভ স্ট্যাটাস আপডেট না করলে ভাতা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে।
কারা এই প্রকল্পের ভাতা পাবে?
যুবসাথী প্রকল্পের ভাতা পেতে গেলে অবশ্যই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বেকার বা কর্মহীন হতে হবে। পাশাপাশি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। তবে অন্য কোনও সরকারি প্রকল্পে ভাতা পেলে চলবে না।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গ, আসাম যাওয়া আরও সহজ, স্পেশাল ট্রেন ঘোষণা রেলের! জানুন রুট, সময়সূচি
আবেদন প্রক্রিয়া
রাজ্যজুড়ে এই প্রকল্পে আবেদনের জন্য আজ থেকে স্বনির্ভর ক্যাম্প চালু করা হয়েছে। সেখান থেকে খুব সহজে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সংযুক্ত করে সেই শিবিরেই জমা দিতে হবে। প্রসঙ্গত, wbsportsandyouth.gov.in ও sportsandyouth.wb.gov.in ওয়েবসাইট থেকেও এই যুবসাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন।
আরও পড়ুন: আজ ভারত-পাক ম্যাচে ফ্লপ হলেই কেরিয়ার শেষ টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটারের!
প্রয়োজনীয় ডকুমেন্ট
যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলি চাওয়া হচ্ছে সেগুলি হল—
- পরিচয়ের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড।
- বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
- ভোটার আইডি কার্ড।
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট।
- এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট।
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পৃষ্ঠার জেরক্স।
- সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।











