দোলে রেকর্ড মদ বিক্রি উত্তর থেকে দক্ষিণবঙ্গে, কোন জেলায় কত? দেখুন পরিসংখ্যান

Published:

Record Liquor Sold In West Bengal

প্রীতি পোদ্দার, কলকাতা: হোলির মরশুম (Holi 2026) ঘিরে তুমুল হইচই রাজ্য জুড়ে। আবির আর পিচকারির এই বর্ণময় আনন্দের মাঝেই উঠে এল এক নয়া তথ্য। জানা গিয়েছে সুরাপ্রেমীদের দৌলতে নাকি রাজ্যের (West Bengal) কোষাগারে রেকর্ড পরিমাণ রাজস্ব লাভ করল প্রশাসন। আবগারি দফতরের প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে দোল ও হোলির দিনগুলোতে রাজ্যে মদ বিক্রি (Record Liquor Sold In West Bengal) নাকি বিগত সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। পূর্ব মেদিনীপুর এবং দার্জিলিং এর দোকানে দোকানে ভিড় উপচে পড়েছে।

১২০ কোটি টাকার মদ বিক্রি রাজ্যে

আবগারি দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের দোলের মরসুমে রাজ্যজুড়ে মদ বিক্রি করে রাজস্ব আদায় হয়েছে প্রায় ১২০ কোটি টাকা। রেকর্ড হারে মদ বিক্রি হয়েছে এলাকায় এলাকায়, যার মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ছিল বিয়ারের। শুধুমাত্র বিয়ার বিক্রি থেকেই এসেছে ৭০ কোটি টাকা। আর এই সুরাপ্রেমীদের দৌলতে পূর্ব মেদিনীপুরেও দোল ও হোলির দিনগুলোতে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। জেলা প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী, ১ থেকে ৪ মার্চ পর্যন্ত এই চার দিনে মোট ৩০ কোটি ১১ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। যার মধ্যে দেশি মদ বিক্রি হয়েছে প্রায় ২ লক্ষ ৭৭ হাজার লিটার। পাশাপাশি বিদেশি মদ বিক্রি হয়েছে প্রায় ১ লক্ষ ৮৬ হাজার লিটার।

৩ দিনে মোট ১১ কোটির বেশি মদ বিক্রি

পূর্ব মেদিনীপুর জেলায় দিঘা, মন্দারমণি, তাজপুর–সহ একাধিক জনপ্রিয় পর্যটন কেন্দ্র রয়েছে। ফলে যে কোনও ছুটির মরশুমেই রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন রাজ্য থেকেও বহু পর্যটক এখানে ভিড় করেন। তাই সেখানে নদের চাহিদাও বেশি। একইভাবে দোলের দিন শিলিগুড়ি সহ দার্জিলিংয়েও রেকর্ড বিক্রি হয়েছে মদ। আবগারি দপ্তরের তথ্য অনুযায়ী, সেখানে ২ মার্চ থেকে ৪ মার্চ পর্যন্ত ৩ দিনে মোট ১১ কোটি ১৬ লক্ষ ৮০ হাজার টাকার মদ বিক্রি হয়েছে। গত ২ মার্চ দার্জিলিং এ ৪ কোটি ১০ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। ৩ মার্চ ৬ কোটি ৮৭ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে এবং ৪ তারিখ ১ কোটি ৯৮ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে।

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার অতীত! বাংলার মহিলাদের জন্য গঠন হবে ৫৭০০ কোটির তহবিল

রাজ্যে বৈধ মদের পাশাপাশি অবৈধ চোলাই মদের রমরমাও বেশ বেড়েছে, তাই সেই তৎপরতা রুখতে সক্রিয় হয়েছে প্রশাসন। গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে জেলায় অভিযান চালিয়েছে আবগারি দফতর ও প্রশাসন। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলায় দোলের দিন বিশেষ অভিযান চালিয়ে আবগারি দপ্তর মোট ১৩২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করার পাশাপাশি দু’টি বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে রাজ্যের এই বিপুল পরিমাণ মদ বিক্রি নিয়ে আতঙ্কিত মাদক বিরোধী সংগঠনগুলো। পূর্ব মেদিনীপুর জেলা মদ ও মাদক দ্রব্য বিরোধী কমিটির আহ্বায়ক নারায়ণচন্দ্র নায়ক বলেন, ‘রাজ্য সরকার ঢালাও মদের লাইসেন্স দেওয়ার কারণেই এই অপরাধ বাড়ছে। যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশনিসংকেত।’

google button