সৌভিক মুখার্জী, বিষ্ণুপুর: টলিউড কিং জিৎ-এর অনুষ্ঠান দেখতে গিয়ে ছড়াল আনন্দের বদলে আতঙ্ক। হাজার হাজার দর্শক পড়লেন বিভ্রান্তিতে। বাঁকুড়ার বিষ্ণুপুরে (Bishnupur) চলতি জাতীয় মেলায় শনিবার রাতে চরম উত্তেজনা সৃষ্টি হয়। ভিড় সামাল দিতে কার্যত বেহাল অবস্থা হয় পুলিশের। এমনকি পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণের বাইরে চলে। ফলত, মুহূর্তের মধ্যে ঘটনাস্থল রণক্ষেত্রে রূপ নেয়।
কীভাবে ছড়াল এই বিশৃঙ্খলা?
২৩ ডিসেম্বর বিষ্ণুপুরে শুরু হয় মেলা। বাংলার কুটির শিল্প, সংস্কৃতি ও পর্যটনকে তুলে ধরার লক্ষ্যেই এই মেলা আয়োজন করা হয়। তবে মেলায় জিৎ সহ একাধিক শিল্পীর নাচ-গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নির্ধারিত সময় অনুযায়ী রাত সাড়ে আটটা নাগাদ শুরু হয় অনুষ্ঠান। প্রথম দিকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সময় যত গড়ায় তত দর্শকদের ভিড় বাড়তে থাকে। এমনকি শুধুমাত্র বিষ্ণুপুর নয়, বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকেই মানুষ অনুষ্ঠান দেখতে ভিড় জমায়।
আরও পড়ুনঃ গ্যারান্টি ছাড়াই লক্ষ লক্ষ টাকা ঋণ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার! সতর্ক করল পুলিশ
অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে কার্যত হ্যাপা পোহাতে হয় পুলিশকে। এমনকি পুলিশের সঙ্গে আমজনতার ধাক্কাধাক্কি হয় বলেও অভিযোগ ওঠে। উত্তেজিত জনতার একাংশ মঞ্চের সামনে থাকা ব্যারিকেড ভেঙে ফেলে। এরপরই ব্যাপক ভাঙচুর শুরু হয়। মঞ্চের সামনে সাজানো শত শত চেয়ার ভেঙে দেওয়া হয়। এমনকি অনেক বৃদ্ধ নাগরিক ও মহিলাদেরকে নির্ধারিত বসার জায়গা দেওয়া হয়নি। পাশাপাশি মেলার আশেপাশের বেশ কয়েকটি দোকানে ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। আর মঞ্চ এবং অনুষ্ঠান সংক্রান্ত একাধিক ব্যানারও ছিঁড়ে ফেলা হয়।
আরও পড়ুন: মাথাপিছু গড় আয়ে মহারাষ্ট্র, বিহারকে পিছনে ফেলল বাংলা! দেখুন রিপোর্ট
পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ লাঠিচার্জ করেও বলে অভিযোগ। কিন্তু তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ধাক্কাধাক্কিতে বেশ কয়েকজন দর্শক আহত হয়েছে বলে দাবি করা হচ্ছে রিপোর্টে। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ কয়েকজনকে আটকও করেছিল। কিন্তু তাদের ব্যক্তিগত বন্ডে আবার ছাড় দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত এক বাসিন্দা জানিয়েছেন, ওই রাতে পরিস্থিতি ভয়ংকর রূপ নেয়। পরিবারকে নিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারব কিনা তা বুঝতেই পারছিলাম না। মনে হচ্ছিল কোনও বড়সড় দুর্ঘটনা ঘটে যাবে। পুলিশ কী করছিল তাও বুঝতে পারছি না।












