বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলার বেকার যুবক-যুবতীদের হাতে মাসিক অর্থ সাহায্য তুলে দিতে বিশেষ প্রকল্প যুবসাথী (Banglar Yuva Sathi) চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বের ঘোষণা মতোই আগামী 1 এপ্রিল থেকেই টাকা দেওয়া শুরু হবে এই প্রকল্পের। আর তার আগে আজ অর্থাৎ রবিবার থেকেই বাংলার 294টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেক কেন্দ্রে বসেছে স্বনির্ভর বাংলা ক্যাম্প। সেখানেই যুবসাথীর ফর্ম জমা দেওয়া সহ প্রয়োজনীয় কাজকর্ম মেটাতে সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে পড়েছেন আবেদনকারীরা। এরই মাঝে যে প্রশ্নটা সবচেয়ে বেশি উঠে আসছে তা হল মহিলারাও কি পাবেন যুবসাথী?
কতদিন চলবে যুবসাথীর আবেদন প্রক্রিয়া?
রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী, বাংলার 294টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেক কেন্দ্রে আজ, 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে যুবসাথীর আবেদনপত্র জমা নেওয়ার কাজ। তার আগে অনলাইনেই পাওয়া যাচ্ছে এই বিশেষ প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম। তাছাড়াও কেউ চাইলে নিকটবর্তী ক্যাম্প থেকেও ফর্ম নিয়ে তা পূরণ করে জমা দিতে পারেন। সরকারের তরফে পরবর্তী আপডেট না আসা পর্যন্ত, বেকার ভাতা প্রকল্পের আবেদন প্রক্রিয়া চলবে আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত।
মহিলারা পাবেন না যুবসাথীর টাকা?
সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশনে রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করার পাশাপাশি বাংলার শিক্ষিত অথচ বেকার যুবক-যুবতীদের জন্যই মাসিক ভাতার প্রকল্প যুবসাথী চালু করার প্রস্তাব রাখেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রকল্পটির নাম যুবসাথী হলেও মমতা সরকারের এই প্রকল্পে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের স্থায়ী মহিলা এবং পুরুষ উভয় বাসিন্দারাই। হ্যাঁ, মেয়েরাও যুবসাথী প্রকল্পের মাসিক ভাতা পাবেন। শুধুমাত্র পুরুষদের জন্য এই প্রকল্প নয়।
অবশ্যই পড়ুন: আজ ভারত-পাক ম্যাচে ফ্লপ হলেই কেরিয়ার শেষ টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটারের!
তবে সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, যাঁদের বয়স 21 থেকে 41 এর মধ্যে এবং যাঁরা ন্যূনতম মাধ্যমিক পাস তাঁরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। একই সাথে, মাসিক 1500 টাকা করে আর্থিক সাহায্য পেতে হলে রাজ্য সরকারের লক্ষীর ভান্ডার বা সমগোত্রীয় প্রকল্প থেকে টাকা পাওয়া চলবে না। অর্থাৎ ইতিমধ্যেই যদি কোনও আবেদনকারী লক্ষীর ভান্ডার বা কৃষক বন্ধুর মতো প্রকল্পের টাকা পেয়ে থাকেন তবে এই প্রকল্পের জন্য তাঁরা একেবারেই যোগ্য নন।











