প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে দলের রদবদল নিয়ে নয়া বিতর্ক তৈরি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোতে। আর এই আবহে রাজ্য রাজনীতিতে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সিপিএমের যুবনেতা প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman) এর নাম। দলে ইস্তফাপত্র জমা দেওয়ার পর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে যে তিনি নাকি বাম শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন। তাই এবার সেই প্রশ্নেরই উত্তর খুঁজতে যখন রাজনৈতিক মহল ব্যস্ত, তখন অবশেষে নীরবতা ভাঙলেন প্রতীক। জানালেন আসল ঘটনা।
ঘাসফুলে প্রতীকের যোগ নিয়ে বাড়ছে জল্পনা
প্রতীক উর রহমান তাঁর ইস্তফাপত্রে লিখেছিলেন, তিনি কিছুতেই জেলা ও রাজ্য নেতৃত্বের কর্মপদ্ধতির সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না। তাই রাজ্য কমিটি এবং জেলার দায়িত্ব থেকেই শুধু অব্যাহতি নয়, পার্টির প্রাথমিক সদস্যপদও ছেড়ে দিতে চান। এদিকে ইস্তফা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই নতুন গুঞ্জন শোনা যাচ্ছে যে তিনি নাকি চলতি সপ্তাহেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিচ্ছেন। আর তাতেই শুরু হয়ে যায় শোরগোল। কিন্তু আদৌ তৃণমূলে যাচ্ছেন কি না নাকি অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন সে সবকিছু তখনও জানাননি এই তরুণ নেতা। অবশেষে মৌন ব্রত ভাঙলেন প্রতীক। স্পষ্ট জানিয়ে দিলেন কোন দলে যোগ দেব তা সময় বলবে।
কী বললেন প্রতীক উর রহমান?
টিভি ৯ বাংলাকে প্রতীক উর রহমান জানিয়েছেন, “গতকালের পর থেকে অনেক রাজনৈতিক দলই আমার সঙ্গে যোগাযোগ করেছে। সে অতিবাম হতে পারে। অতি ডান হতে পারে। কিছু জনের সঙ্গে কথা হয়েছে। কিছু জনের সঙ্গে হয়নি। পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকেই যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। আমি এর বাইরে কিছু বলব না। আমি বিজেপি-তে যাব, তৃণমূলে যাব নাকি হুমায়ুনের দলে যাব না চুপচাপ বসে থাকব তা তো সময়ই বলবে। সময়ই সব থেকে বড় শিক্ষক।” এছাড়াও তিনি আরও বলেন, “আমার রাজনৈতিক ভবিষ্যৎ কী, তা সময় উত্তর দেবে। আমি তো রাজনীতি ছেড়েও দিতে পারি। সময়ই তো সবচেয়ে বড় শিক্ষক।”
আরও পড়ুন: বাংলাদেশে SI সন্তোষ দাস হত্যা অভিযুক্ত মাহদি হাসান ভারতে! খবর ছড়াতেই যা হল …
প্রসঙ্গত, প্রতীক উর রহমানকে ধরে রাখতে মরিয়া সিপিআইএম। তাইতো ডায়মন্ড হারবারের গ্রামাঞ্চল থেকে উঠে আসা তরুণ নেতাকে দলে ধরে রাখতে আসরে নামলেন প্রবীণ নেতা বিমান বসু। এই প্রসঙ্গে প্রতীক জানান, “মঙ্গলবার আমার সঙ্গে বিমান বসুর কথা হয়েছে। আমাকে রাজ্য দফতরে ডাকা হয়েছে। তবে যাব কিনা ভাবনাচিন্তা করছি।’’ কিন্তু পরে জানা গিয়েছে তিনি বৈঠকে যাননি। এদিকে আজই রয়েছে CPIM রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক। আগামীকাল থেকে শুরু হচ্ছে ২ দিনের রাজ্য কমিটির বৈঠক। প্রতীক উর রাজ্য কমিটির সদস্য। সেক্ষেত্রে এই ২ দিনের বৈঠকে তিনি উপস্থিত থাকেন কি না, সেদিকে সকলেরই নজর থাকবে।












