সহেলি মিত্র, কলকাতা: কর্মীদের জন্য আসতে চলেছে সুখবর। টানা তৃতীয় অর্থ বর্ষের জন্য সুদের হার অপরিবর্তিত রাখতে চলেছে Employees’ Provident Fund Organisation বা EPFO। জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আগামী অর্থ বর্ষের জন্যও, সুদের হার ৮.২৫ শতাংশ ধার্য করা হতে পারে। যে সকল কর্মীদের প্রভিডিয়েন্ট ফান্ডে (PF Account) অ্যাকাউন্ট রয়েছে, তারা এই সুবিধা লাভ করবেন। এই রিপোর্ট সত্যি প্রমাণিত হলে, টানা তৃতীয়বারের জন্য সুদের হার ৮.২৫ শতাংশ। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এখনও বাকি রয়েছে।
EPFO ফের অপরিবর্তিত রাখবে সুদের হার?
আশা করা হচ্ছে আগামী ২ মার্চ পাকাপাকিভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে ইপিএফও। ওই দিন একটি আলোচনা সভা হওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনার পরেই পাকাপাকিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রতিবেদনে এটাও বলা হয়েছে, সুদের হার অপরিবর্তিত রাখার ফলে সংগঠনের খরচের মোট পরিমাণ বাড়তে পারে। অর্গানাইসেজনের কাছে মোট যে পরিমাণ থাকে, সেখান থেকে খরচ করা হয় বিভিন্ন খাতে। যার মধ্যে অন্যতম এই পিএফ। আর্থিক চাপ সামলানোর জন্য উপার্জনের নতুন পথ খুঁজতে পারেন কর্তারা।
আরও পড়ুনঃ হাওড়া সহ একাধিক রুটের ১০ ট্রেনের ভাড়া কমাল রেল, দেখুন তালিকা
উপার্জন বা লাভের পরিমাণ আশানুরূপ না হলে, আগামী অর্থবছরে সুদের পরিমাণ কমিয়ে দেওয়া হতে পারে, এমন সম্ভাবনার কথাও উঠে এসেছে। আগামী অর্থ বছর অর্গানাইজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ইপিএফও’র মোট তহবিল ২৮ লক্ষ কোটি টাকার কিছু বেশি। মোট তহবিলের ৪৫ থেকে ৬৫% সরকারি খাতে, প্রায় ২০ থেকে ৪৫% অন্যান্য খাতে, ৫ থেকে ১৫% এক্সচেঞ্জ-ট্রেডের মাধ্যমে ইক্যুইটিতে বিনিয়োগ করা হয় ও আরো ৫ শতাংশ স্বল্পমেয়াদী ঋণের জন্য বরাদ্দ করা থাকে।
উপকৃত হবেন সদস্যরা
বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে ইপিএফও আয়ের পথ প্রশস্ত রাখে। আগামী দিনের কথা মাথায় রেখে একটি ফান্ডের ব্যবস্থা করার কথাও ভাবা হচ্ছে বলে খবর। ভোক্তাদের জন্য যাতে নির্দিষ্ট পরিমাণ সুদের হার ধার্য করা যায়, সেই লক্ষ্যেই এই ভাবনা। বিকল্প অর্থের যোগান থাকলে, বাজারের ওঠানামা সত্বেও কর্মীদের নির্দিষ্ট সুদের হার থেকে বঞ্চিত হতে হবে না। সুদের হারের প্রস্তাবটি কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড আলোচনার পরেই চূড়ান্ত করতে পারবে। ইপিএফওর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হল এই বোর্ড, যার নেতৃত্বে রয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডব্য।












