বাংলা সহ ১০ রাজ্যে ৩৭ আসনে রাজ্যসভা নির্বাচন, নির্ঘণ্ট ঘোষণা কমিশনের

Published:

Rajya Sabha Election
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: ছাব্বিশের মহারণের আগে পশ্চিমবঙ্গ সহ ১০টি রাজ্যের মোট ৩৭টি রাজ্যসভার আসনে ভোট (Rajya Sabha Election) নিয়ে মহা বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনল নির্বাচন কমিশন। আসলে পশ্চিমবঙ্গের রাজ্যসভার পাঁচ জন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। এবং সামনেই ১০টি রাজ্যের মোট ৩৭টি আসনও খালি হতে চলেছে। এই পরিস্থিতিতে ওই আসনগুলিতে ভোটের নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন। যার ফলে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর অঙ্ক কষাকষি।

রাজ্যসভা আসনে ভোট মার্চেই!

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে রাজ্যসভার আসনে নির্বাচনী প্রক্রিয়া। ওই দিনই জারি করা হবে নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে আগামী ৫ মার্চ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছে। এবং পরেরদিন অর্থাৎ ৬ মার্চ মনোনয়নপত্রের যাচাই হবে। প্রার্থীরা চাইলে ৯ মার্চ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন। এরপর ১৬ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। একই দিন বিকেল ৫টা থেকে গণনা শুরু হবে। ২০ মার্চের মধ্যেই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে কমিশন। তবে কোনও আসনে যদি একমাত্র প্রার্থী মনোনয়ন জমা দেন, তাহলে সেখানে ভোটগ্রহণের প্রয়োজন হবে না এবং তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

পশ্চিমবঙ্গের ৫টি আসনে ভোট

কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, যে ১০ রাজ্যের ৩৭ টি আসনে নির্বাচন হচ্ছে সেগুলি হল মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অসম, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, তেলেঙ্গানা ও হরিয়ানা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ৫টি আসনে নির্বাচন হবে। ইতিমধ্যেই রাজ্যসভার সাংসদপদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন মৌসম বেনজির নূর। অন্যদিকে তৃণমূলের তিন রাজ্যসভা-সাংসদ সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সীর মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। একই দিনে রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ করবেন সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্যও। তাই এই পাঁচ আসনেই নির্বাচন হবে আগামী ১৬ মার্চ। যদিও রাজনৈতিক মহলের ধারণা বিধায়ক সংখ্যার নিরিখে চারটি আসনে তৃণমূলের জয় প্রায় নিশ্চিত এবং বাকি একটি আসন জিততে পারে বিজেপি। ফলে এখানেও রাজ্যসভার চৌকাঠ পার করতে পারবে না বাম।

আরও পড়ুন: বাম ছেড়ে ঘাসফুল না গেরুয়া? নিরবতা ভেঙে স্পষ্ট জবাব প্রতীক রহমানের

প্রসঙ্গত, জাতীয় রাজনীতিতে বিধানসভা নির্বাচনের মতোই বেশ গুরুত্বপূর্ণ রাজ্যসভার নির্বাচন। কারণ উচ্চকক্ষে সংখ্যার সমীকরণ গুরুত্বপূর্ণ আইন ও নীতিনির্ধারণে বড় ভূমিকা নেয়। ফলে মার্চের এই ভোট সংশ্লিষ্ট রাজ্যগুলিতে রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে মার্চের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গের সাধারণ বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তাই জনসংযোগ বৃদ্ধি করতে এবং ভোট প্রচারে মনোনিবেশ করতে একের পর এক কর্মসূচি করেই চলেছে রাজনৈতিক দলগুলি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now