সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার যুদ্ধের (Middle East War) প্রভাবে জ্বালানি সংকট থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, একাধিক ক্ষেত্রে শিরেসংক্রান্তি অবস্থা ভারতের। এবার বাসমতি চাল রফতানিতে (Basmati Rice Export) ব্যাপক ধাক্কা খেল দেশ। আসলে ভারত বিশ্বের মধ্যে বৃহত্তম বাসমতি চাল রফতানিকারক দেশ, যার সিংহভাগ যায় ইরান, সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে পশ্চিম এশিয়ার দেশগুলোতে। কিন্তু যুদ্ধের কারণে ২০২৬ সালের এপ্রিল মাসে ভারতের বাসমতি চাল রফতানি আগের বছরের তুলনায় ২৭% তলানিতে ঠেকেছে। আর এতেই চিন্তার ভাঁজ পড়ছে রফতানিকারকদের উপর।
বাসমতি চাল রফতানিতে বিরাট ধাক্কা ভারতের
সম্প্রতি এপিইডি-র একটি তথ্য অনুযায়ী, ভারত ২০২৬ সালের এপ্রিল মাসে ৪.৭৪ কোটি টন বাসমতি চাল রফতানি করেছে, যেখানে ২০২৫ সালে এই পরিমাণ ছিল ৬.৪৭ টন। শতাংশের বিচারে তা ২৬.৭২% পতন। এমনকি রফতানি কমে যাওয়ায় দেশের বাজারেও দামের উপর প্রভাব পড়তে শুরু করেছে। কয়েক সপ্তাহ আগে যেখানে প্রতি কেজি চালের দাম ৮৮ থেকে ৯০ টাকা ছিল, এখন তা কমে দাঁড়িয়েছে প্রতি কেজিতে ৭৮ থেকে ৮০ টাকায়, যা ৮ থেকে ১০ শতাংশ পতন। আর এর সরাসরি প্রভাব পড়ছে কৃষকদের উপরেই।
বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধর কারণে সমুদ্রপথ সবথেকে বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলির উপর অতিরিক্ত ট্যাক্স আরোপ করা হচ্ছে। ফলে রফতানি খরচ অনেকটাই বেড়ে যাচ্ছে, যে কারণে রফতানিকারকরা কূলকিনারা খুঁজে পাচ্ছে না। এদিকে আবার বাসমতি চাল রফতানি হ্রাস পাওয়ায়া এপ্রিল মাসে ভারতের অন্যান্য চাল রফতানি বৃদ্ধি পেয়েছে। গত বছরের একই সময়ে ১.২২৯ মিলিয়ন টনের তুলনায় ২০২৬ সালের এপ্রিল মাসে নন বাসমতি চাল রফতানি বেড়ে দাঁড়িয়েছে ১.৫৭ মিলিয়ন টন। আর এই চালগুলি বিশেষ করে আফ্রিকার বিভিন্ন দেশ এবং বাংলাদেশে রফতানি হয়।
আরও পড়ুন: চাষিদের মাথায় বাজ! ভারতের আম আমদানির উপর নিষেধাজ্ঞা চাপাল জাপান
চিন্তার ভাঁজ কৃষকদের কপালে
না বললেই নয়, বাসমতি চাল রফতানি কমে যাওয়ার কারণে আসন্ন খারিফ মরসুমে ব্যাপক প্রভাবিত হতে পারেন কৃষকরা। এমনকি ভালো দাম না পেলে তাঁরা ধান চাষ কমিয়ে দিতে পারেন। যার ফলে আগামী মরসুমে উৎপাদন ও রফতানি ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, যদি পশ্চিম এশিয়ার যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং যুদ্ধবিরতির কোনও সম্ভাবনা না থাকে, তাহলে বাসমতি চাল রফতানি চাপের মধ্যে পড়বে, এবং এতে কৃষকদের উপরেই সবথেকে বড় প্রভাব পড়বে।










